সীমান্তে নদীতে কাঁটাতারের বেড়া দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে নদীর ভেতরে কাঁটাতারের বেড়া দেবে ভারত। চোরাচালান বন্ধে এবং মানুষের অনুপ্রবেশ রোধে এসব বেড়া দেওয়া হবে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর সীমান্তের আদলে এই সীমানা দেওয়া হবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এসব সীমান্ত পাহারার জন্য নতুন করে ছয়টি ভাসমান সীমান্তচৌকিও স্থাপন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নদী-সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার খবর আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি।’ তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে সীমান্তের ১৫০ গজের বাইরে যেকোনো দেশ তার সীমানা সুরক্ষিত করতে পারে। তিনি আশা করেন, ভারত আইনে মেনেই এসব করবে।
বাংলাদেশের সঙ্গে দুটি দেশের নদী-সীমান্ত আছে। এর একটি হলো ভারত, অন্যটি মিয়ানমার। বাংলাদেশ ও ভারতের নদী-সীমান্ত আছে ১৮০ কিলোমিটার। এর মধ্যে কিছু এলাকা বিরোধপূর্ণ। মিয়ানমারের সঙ্গে নদী-সীমান্ত আছে ৬০ কিলোমিটার। আন্তর্জাতিক আইন অনুসারে নদীগুলোর স্রোতের মধ্যভাগ থেকে দুই দেশের সীমানা ধরা হয়। ঠিক মধ্যভাগ এলাকাটি আন্তর্জাতিক সীমানা (নো-ম্যানস ল্যান্ড) হিসেবে বিবেচনা করা হয়।
বিজিবির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নদী-সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তটি ভারতের কেন্দ্রীয়। এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কর্মকর্তারা নদী-সীমান্তের জরিপকাজও শেষ করেছেন। কোন নদীতে কী ধরনের বেড়া দেওয়া হবে, তা চিহ্নিত করেছেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলে শিগগিরই বেড়া দেওয়ার কাজ শুরু হবে বলে জানা গেছে।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, নদী-সীমানায় টহল দিতে নতুন করে নয়টি জলযান কিনছে ভারত। এর ছয়টি মোতায়েন করা হবে বাংলাদেশ-ভারত সীমান্তে। এসব জলযান সীমান্তচৌকির কাজ করবে। প্রথম পর্যায়ে সুন্দরবন এলাকার সীমান্তে ভারত এসব জলযান মোতায়েন করবে বলে জানা গেছে।