সীমান্তে নারী ও শিশুদের গ্রেপ্তার করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল শনিবার এক নির্দেশ জারি করে বলেছে, এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নারী ও শিশুদের তারা গ্রেপ্তার করবে না।
বিএসএফের পূর্বাঞ্চলীয় প্রধান বি ডি শর্মা গতকাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো নারী বা শিশুকে গ্রেপ্তার করা হবে না। কারণ, এরা বেশির ভাগ ক্ষেত্রেই পাচারের শিকার। আর যারা পাচারের শিকার, তাদের জেলে পাঠিয়ে শাস্তি দেওয়া অমানবিক। তাই আমি আজ সব ফ্রন্টিয়ারের আইজিদের নির্দেশ দিয়েছি, যাতে নারী ও শিশুদের গ্রেপ্তার না করা হয়।’
বি ডি শর্মা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই বোঝা যাবে, চোরাচালানের মতো কোনো অপরাধ সংগঠিত করতে ওই নারী বা শিশু ভারতে এসেছিল কি না। তিনি বলেন, ‘যদি আমরা দেখি, ওই নারী বা শিশু ভুল করে ভারতে চলে এসেছে বা পাচারের শিকার হয়েছে, তাহলে তাদেরকে সীমান্তেই রেখে দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হবে। তবে চোরাচালান বা অন্য কোনো অপরাধমূলক কাজের জন্য যদি কেউ আসে, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।’