বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যার ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ভারতের মালদার মাহাদিপুর বিওপিতে গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ওই সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির রাজশাহী সেক্টর সূত্রে জানা গেছে, গত শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, শারীরিক নির্যাতন, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার, অস্ত্র ও গোলাবারুদ পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও সীমান্তসংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
এর মধ্যে সীমান্ত এলাকায় বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। সীমান্তে যাতে কোনোক্রমেই নিরীহ বাংলাদেশি নাগরিককে হত্যা করা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফের মালদা সেক্টর কমান্ডার।
এ ছাড়া সীমান্তে স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতি রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডার সম্মত হন। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে একমত হন। মালদা-রাজশাহী সেক্টরের সীমান্ত এলাকায় বর্তমান শান্তিপূর্ণ সহাবস্থান সব সময় বজায় রাখার ব্যাপারেও দুই পক্ষই সম্মত হয়।
এ বৈঠকে রাজশাহী সেক্টরের ১৩ সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টরের কমান্ডার কে এম ফেরদাউসুল শাহাব। বিএসএফের পক্ষে ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালদা সেক্টরের কমান্ডার ডিআইজি শ্রী রাজ সিং রাঠোর।
আলোচনা শেষে উভয় পক্ষই সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। উভয় পক্ষই নিয়মিত এ ধরনের সীমান্ত বৈঠকের মাধ্যমে সীমান্তের সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রাখার কথা বলে।