সীমান্তে নিহত আবুর লাশ ফেরত দেবে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তের প্রতীকী ছবি
সীমান্তের প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত নাশরাফ হোসেন ওরফে আবুর (২৯) লাশ মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বলেন, ‘বিএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। সোমবার তাদের একটি অনুষ্ঠান থাকায় লাশ হস্তান্তর করতে পারেনি। আগামীকাল মঙ্গলবার তারা লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে আবু ও এশারুল ইসলাম ওরফে মিঠুসহ কয়েকজন গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ চরের ডিএমসি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে। গুলিতে কাঁটাতারের বেড়ার কাছেই মারা যান আবু। তবে গুলিবিদ্ধ অবস্থায় মিঠু বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন। পরে তাঁর মৃত্যু হয়।

এরপর নিহত মিঠুর লাশ তাঁর সহযোগীরা বাড়িতে নিয়ে আসেন। তবে আবুর লাশ নিয়ে যায় বিএসএফ। নিহত আবু গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। নিহত মিঠুর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।