ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় তিন বছর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ওই দুই বাংলাদেশি নাগরিক নিহত হন। গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) এক সুপারিশের পরিপ্রেক্ষিতে ওই দুই বাংলাদেশির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। নিহত দুই ব্যক্তির নাম মিল্টন শেখ ও শান্তু শেখ। তবে ক্ষতিপূরণের অর্থ ওই দুই পরিবারকে কখন ও কোথায় দেওয়া হয়—এ ব্যাপারে প্রতিবেদনটিতে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। ২০১০ সালের ২৮ ডিসেম্বর সকালে বাংলাদেশি নাগরিক মিল্টন শেখ ও শান্তু শেখ সীমান্তপথে ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলিতে নিহত হন।