সীমান্তে পাঁচ বছরে ২১৪ জন বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
(বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ
(বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ

সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় গত পাঁচ বছরে ২১৪ জন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে ৩২৩ জন। এর মধ্যে গত ছয় মাসে (২০ জুন পর্যন্ত)  ১৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এসব তথ্য জানান। মহাপরিচালক হিসেবে তাঁর দায়িত্ব পালনের ছয় মাস পূর্তি উপলক্ষে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। বিজিবির মহাপরিচালক দাবি করেন, সীমান্তে যেসব হত্যাকাণ্ড হচ্ছে, এর সবই ঘটছে গরু ব্যবসাকে কেন্দ্র করে। তিনি জানান, যে কারণেই হত্যাকাণ্ড হোক না কেন, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। চলতি বছরের ২৩ জুন পর্যন্ত সীমান্তের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ৪৫টি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

মেজর জেনারেল আজিজ আহমেদ দাবি করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত-সম্পর্কের অনেক উন্নয়ন হয়েছে। হতাহতের সংখ্যা কমে এসেছে। সীমান্তের পরিস্থিতি অনেক শান্ত ও ভালো। বিজিবি আন্তরিকতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে।

বিজিবির মহাপরিচালক জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে বিএসএফের সঙ্গে দুই হাজার ২২০টি পতাকা বৈঠক করেছে বিজিবি। 

মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের এখনো ৫০০ কিলোমিটার অরক্ষিত সীমান্ত রয়েছে। ওই সীমান্তে বিজিবি টহল দিতে পারে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে ৯৩৫ কিলোমিটার সীমান্তজুড়ে সড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিন বছরের মধ্যে এই সড়ক নির্মাণ করা হবে।

বিজিবি মহাপরিচালক দাবি করেন, ‘বিএসএফের সঙ্গে যে সুসম্পর্ক আমরা স্থাপন করতে পেরেছি, মিয়ানমারের সীমান্তে নিয়োজিত নাসাকার সঙ্গে সেভাবে পারিনি। নাসাকা বাহিনীর হাতে আটক হওয়া তিনজন পুলিশ সদস্যকে ছাড়াতে ১৩ দিন সময় লেগেছে।’

চলতি বছরের ১১ জুন পর্যন্ত দুই হাজার ৮৬৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানান মেজর আজিজ আহমেদ। এর মধ্যে দুই হাজার ৮৫৭ জনকে পুশব্যাক করা হয়েছে। বাকি ১১ জনকে পুলিশে দেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে ফেনসিডিল পাচার সম্পর্কে বিজিবির মহাপরিচালক বলেন, বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। সীমান্তের ওপারে ফেনসিডিলের যেসব কারখানা ছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা অন্য জায়গা থেকে এনে সীমান্তে ফেনসিডিল মজুদ করছেন।

মেজর আজিজ আহমেদ বলেন, বিজিবির পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়েছে। নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি করা হয়েছে।