সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় গত পাঁচ বছরে ২১৪ জন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে ৩২৩ জন। এর মধ্যে গত ছয় মাসে (২০ জুন পর্যন্ত) ১৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। মহাপরিচালক হিসেবে তাঁর দায়িত্ব পালনের ছয় মাস পূর্তির পর পিলখানায় বিজিবির সদর দপ্তরে তিনি এ সংবাদ সম্মেলন ডাকেন।
বিজিবির মহাপরিচালক দাবি করেন, সীমান্তে যেসব হত্যাকাণ্ড হচ্ছে, এর সবই ঘটছে গরুর ব্যবসাকে কেন্দ্র করে। তিনি জানান, যে কারণেই হত্যাকাণ্ড হোক না কেন, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। চলতি বছরের ২৩ জুন পর্যন্ত সীমান্তের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ৪৫টি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
আজিজ আহমেদ দাবি করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত-সম্পর্কের অনেক উন্নয়ন হয়েছে। হতাহতের সংখ্যা কমে এসেছে।
বিজিবির মহাপরিচালক দাবি করেন, ‘বিএসএফের সঙ্গে যে সুসম্পর্ক আমরা স্থাপন করতে পেরেছি, মিয়ানমারের সীমান্তে নিয়োজিত নাসাকার সঙ্গে সেভাবে পারিনি। নাসাকা বাহিনীর হাতে আটক হওয়া তিনজন পুলিশ সদস্যকে ছাড়াতে আমাদের ১৩ দিন সময় লেগেছে।’
চলতি বছরের ১১ জুন পর্যন্ত দুই হাজার ৮৬৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানান মেজর আজিজ আহমেদ। এর মধ্যে দুই হাজার ৮৫৭ জনকে পুশব্যাক করা হয়েছে। বাকি ১১ জনকে পুলিশে দেওয়া হয়েছে।