চোরাচালান বন্ধে ভারত ও বাংলাদেশের সীমান্তের উভয় পাশে পর্যায়ক্রমে পাকা সড়ক নির্মাণ ও বিভিন্ন পয়েন্টে পণ্য বেচাকেনার জন্য হাট চালু করা হবে। গতকাল সোমবার মেহেরপুরের মুজিবনগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কমান্ডার পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের কমান্ডার বিজয় কুমারের নেতৃত্বে আট সদস্যের একটি দল মুজিবনগরে ১০৭ মেইন পিলারের কাছে ভারতীয় প্রধান ফটকে পৌঁছালে বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান তাঁকে স্বাগত জানান৷ পরে তাঁদের নিয়ে মুজিবনগরের সূর্যোদয় গেস্ট হাউসে যান৷ সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ১৬ সদস্যের যৌথ সভা হয়৷ সভায় সীমান্তের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়৷
সভা শেষে অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান সংবাদকর্মীকে বলেন, প্রথম দফায় মুজিবনগর সীমান্তে পণ্য বেচাকেনার হাট চালু করা হবে৷ যেখানে দুই দেশের হরেকরকম পণ্য পাওয়া যাবে৷