সীমান্তে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে দায়িত্বপালনকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার আরও বৃদ্ধি করবে বলে ঘোষণা করেছে। চলতি বছরের এপ্রিলে বিএসএফ প্রধানের দায়িত্ব গ্রহণের পর ডি কে পাঠক সম্প্রতি পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা পরিদর্শন শেষে এই ঘোষণা দেন। খবর পিটিআইর।
ডি কে পাঠক বলেন, ‘বাংলাদেশ ভারতের বন্ধুভাবাপন্ন প্রতিবেশী দেশ। আমি মনে করি, এই সীমান্তে¦প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার অব্যাহত রাখা উচিত। এমনকি সময়ের পরিবর্তনে এই চুক্তির পর্যালোচনারও প্রয়োজন নেই।’
বিএসএফপ্রধান আরও বলেন, বর্তমান নীতি অনুযায়ী প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার আরও বৃদ্ধি করা হবে এবং বাছাই করা টহল দলের কাছে এসব অস্ত্র সরবরাহ করা হবে। তবে এসব টহল দলের কাছে এমন অস্ত্রের পাশাপাশি মারাত্মক প্রাণঘাতী অস্ত্র এবং গোলাবারুদও থাকবে বলে তিনি জানান।
বিএসএফপ্রধান বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং দুটি দেশই সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে।
গত তিন বছরে বাংলাদেশ-ভারতের চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ১৭৫ স্থানে বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে যৌথ টহল পরিচালনা করছে।
বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার সংখ্যা কমিয়ে আনতে চার বছর আগে বিএসএফ রাবার বুলেটসহ প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার শুরু করে। ফলে গত কয়েক বছরে সীমান্তে হতাহতের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।