সীমান্তে ফেলানী হত্যার বিচার শুরু ১৩ আগস্ট

কুড়িগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার বিচার ১৩ আগস্ট শুরু হচ্ছে। ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে বিচারকাজ শুরু হবে। মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ফেলানীর বাবা, মামাসহ একটি প্রতিনিধিদল ভারতে যাবে।২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের ওপর ঝুলে থাকা ফেলানীর মৃতদেহ নিয়ে সারা পৃথিবীতে হইচই পড়ে। মানবাধিকার সংগঠনগুলো সীমান্তে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়। এর পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবি করা হয়। বিএসএফ সদর দপ্তর এ ঘটনার বিচার করতে জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত গঠন করে। গত মার্চ মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিষয়টি উত্থাপিত হয়।বিজিবির সদর দপ্তর জানায়, ফেলানী হত্যাকাণ্ডে সাক্ষ্য দেওয়ার জন্য বাংলাদেশের দুজন প্রত্যক্ষ সাক্ষী, একজন আইনজীবী ও বিজিবির একজন প্রতিনিধিকে ভারতে যাওয়ার জন্য বিএসএফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। সে অনুযায়ী বিজিবির ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক খালেদ, কুড়িগ্রাম আদালতের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন, নিহত ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবদুল হানিফ বিএসএফের আদালতে সাক্ষ্য দিতে যাবেন। কোচবিহারের বিশেষ আদালতে ১৯ আগস্ট তাঁদের সাক্ষ্য গ্রহণ করা হবে। বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ফেলানী হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে। এই বিচার মানবতার সাক্ষী হয়ে দুই দেশের সম্পর্কোন্নয়নে জোরালো ভূমিকা রাখবে।