সীমান্তে ফেলানী হত্যার মতো কোনো ঘটনা যাতে আর না ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সীমান্তে ফেলানী হত্যার মতো আর কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলোনীটারি গ্রামের নিহত ফেলানীর কবর পরিদর্শনের পর গতকাল রোববার দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।ফেলানীর বাবাকে সমবেদনা জানিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, তাঁদের দরিদ্র পরিবারকে কীভাবে সহায়তা দেওয়া যায়, কমিশন সে চেষ্টা চালাবে। সীমান্তে নিরীহ মানুষ হত্যার ব্যাপারে সরকার ও মানবাধিকার কমিশন কী পদক্ষেপ নিয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শিগগিরই বাংলাদেশে আসছেন। তখন কমিশন বিষয়টি উত্থাপন করবে।চেয়ারম্যান আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকেরা অবৈধ উপায়ে প্রতিবেশী দেশগুলোতে যাতায়াত করলেও তাদের হত্যা করা হয় না; বরং প্রচলিত আইনে বিচার করা হয়। তিনি বলেন, ‘ভারতের কোনো নাগরিক আমাদের দেশে অনুপ্রবেশ করলে বিজিবি তাদের গুলি করে হত্যা না করে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়। অথচ বিএসএফ নির্বিচারে মানুষ হত্যা করেই চলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে দাবি জানাই।’গতকাল সকালে মিজানুর রহমান কুড়িগ্রাম জজকোর্ট আদালত, সদর হাসপাতাল ও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন। বিকেলে তিনি টাউন হলে কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের দেড় যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সন্ধ্যায় তিনি জেলার টিডিএইচ ফাউন্ডেশন মিলনায়তনে ‘নারীর মানবাধিকার ও চলমান সংকট’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন।