সীমান্তে বসছে আরও আটটি হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘সীমান্ত হাট’-এর সংখ্যা আরও বাড়ছে। অন্তত ২৬টি স্থানে সীমান্ত হাট বসানোর বিষয়ে বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। ইতিমধ্যে আটটি স্থানে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি সীমান্ত হাট চালু আছে।

মন্ত্রণালয় জানায়, ফেনীর ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রাম ও ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়ার কসবার তারাপুর ও পশ্চিম ত্রিপুরার কমলা সাগর সীমান্তে, মৌলভীবাজারের জুরি ও উত্তর ত্রিপুরার পালবস্তি সীমান্তে এবং কমলগঞ্জের কুরমাঘাট ও ভারতের কামালপুর সীমান্তে অচিরেই হাট চালু হবে।

বৈঠকে কার্যপত্র থেকে জানা যায়, ভারতের পক্ষ থেকে ২২টি স্থানে সীমান্ত হাট বসানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চারটি স্থানে হাট বসানোর বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। এগুলো হলো সিলেট ও মেঘালয়ের ভোলাগঞ্জ সীমান্তে, সুনামগঞ্জের সায়দাবাদ ও মেঘালয়ের নালিকাটা সীমান্তে, ময়মনসিংহের ভুইয়াপাড়া ও মেঘালয়ের শিববাড়ী সীমান্তে এবং সুনামগঞ্জের বাগান বাড়ি ও মেঘালয়ের রিংকু সীমান্তে।

জিএসপি পেতে বাংলাদেশ ১৬টি শর্তই পূরণ করেছে
বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, নতুন করে কোনো বহু ধাপ বিপণন সংস্থাকে (এমএলএম কোম্পানি) নিবন্ধন দেওয়া হবে না। বর্তমানে যে পাঁচটি সংস্থা কাজ করছে, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে। মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ ১৬টি শর্তই পূরণ করেছে। তবে তারা এখন কাউকেই জিএসপি সুবিধা দিচ্ছে না। অন্যান্য দেশকে দেওয়া হলে বাংলাদেশও এই সুবিধা পাবে।

তোফায়েল আহমদ বলেন, দেশের তৈরি পোশাকশিল্প খাতে এখন আর কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তদন্তে ৯৮ শতাংশ ক্ষেত্রে পরিবেশকে ইতিবাচক বলা হয়েছে। যে কারণে বাংলাদেশের কাছে তৈরি পোশাকের চাহিদা দিন দিন বেড়ে চলছে। মন্ত্রী জানান, ন্যূনতম বেতন ১০ হাজার টাকা হওয়ায় তৈরি পোশাকশিল্পে এখন আর কোনো অসন্তোষ নেই।

কমিটির সভাপতি বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, মোতাহার হোসেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ওয়ারেসাত হোসেন, আ ক ম বাহাউদ্দীন, ছানোয়ার হোসেন, মনজুরুল ইসলাম, লায়লা আরজুমান বানু প্রমুখ অংশ নেন।