সীমান্তে বাঁধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাঁধ বাঁচাতে পারে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের প্রায় ১৫ হাজার পরিবারের বসতভিটা, আবাদি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠান। বাঁধটি নির্মাণের দাবিতে গত সোমবার দুপুরে ওই দুই ইউনিয়নের চার হাজারের বেশি মানুষ তিস্তাপাড়ের চরখড়িবাড়ি সীমান্তের ৭৯৮ মেইন পিলারের কাছে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিস্তার একটি শাখা নদীর করাল গ্রাসে পড়েছে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। প্রতিবছর নদীভাঙনে গৃহহারা হচ্ছে অসংখ্য পরিবার। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শাখা নদীটির উৎপত্তিস্থলে বাঁধ নির্মাণের চেষ্টা করছে। কিন্তু সেখানে সরকারি উদ্যোগে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা না গেলে আগামী বর্ষায় ওই দুটি ইউনিয়নের টেপাখড়িবাড়ি, চরখড়িবাড়ি, পূর্ব খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি, ঠ্যাংঝাড়া, আরাজী শেখ সুন্দর, পার শেখ সুন্দর গ্রামসহ প্রায় ১২টি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় করা হচ্ছে।মানববন্ধনে অংশ নেওয়া টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সহিদুল ইসলাম বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা করছি। কিন্তু বিএসএফের বাধার কারণে এত দিন করতে পারিনি। অবশেষে ১০ অক্টোবর বিএসএফ-বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তারা (বিএসএফ) অস্থায়ীভাবে বালুর বাঁধ করার অনুমতি দিয়েছে। আমরা সেদিন থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছি।’ কিন্তু স্থায়ীভাবে বাঁধটি নির্মাণ করা না গেলে বালুর বাঁধ বর্ষার সময় টিকবে না বলে মত দেন ওই জনপ্রতিনিধি। পানি উন্নয়ন বোর্ড (বাউবো) ডালিয়া বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাইনউদ্দিন মণ্ডল বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তের চরখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীর নতুন গতিপথ সৃষ্টির কারণে এলাকাটিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। সেখানে দুই হাজার ৩০০ মিটার বাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এর জন্য আমরা একটি প্রকল্প তৈরি করেছি। সেটা ১৪ অক্টোবর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনকে জানানো হয়েছে। বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ৩৭৬ টাকা।’