বললেন মার্কিন রাষ্ট্রদূত
সীমান্তে বাংলাদেশিকে নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নকে উৎসাহিত করে। সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নির্যাতনের শিকার হওয়া এক বাংলাদেশির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই ভিডিওচিত্রটি তিনি দেখেছেন। এটা দুঃখজনক। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। গতকাল রোববার রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। গতকালই সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছোট কোয়ালিবেড় গ্রামে ইউএসএআইডির সহায়তায় পরিচালিত খাদ্যনিরাপত্তা প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলকে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। আলোচনার কোনো বিকল্প নেই।পুঠিয়ার রাজবাড়ি পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন বলে জানান মজিনা। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দিতে গিয়ে বলেন, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর সমঝোতায় পৌঁছানো প্রয়োজন। তা না করা হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। উল্লাপাড়ায় মজিনা বলেন, এখানকার জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য বদলের চেষ্টা করে যাচ্ছে। এ চেষ্টা অব্যাহত থাকলে অচিরেই এ দেশ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকারসহ দূতাবাস ও কেয়ার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।