সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাচালানি আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গত শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সমীর মণ্ডল (২৭) নামের এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সবদেলপুর গ্রামের বিমল মণ্ডলের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান জানান, শনিবার রাত নয়টার দিকে চৌকা সীমান্তে ১৭৭ আন্তর্জাতিক সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়ার এপারে এসে ভারতীয় নাগরিক সমীর মণ্ডল বাংলাদেশি চোরাচালানিদের কাছে ফেনসিডিল সরবরাহ করছিলেন। এ সময় ভারতের সুকদেবপুর ক্যাম্পের বিএসএফের একটি টহল দল চোরাচালানিদের দেখে গুলি চালালে সমীর মণ্ডল আহত হন। বাংলাদেশি সঙ্গীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।