ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে নয়াদিল্লি পদক্ষেপ নেবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুতে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দেন যে সীমান্তের এ বিষয়টি নিষ্পত্তিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দি হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর বাসসের।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের বিএসএফের প্রতি সীমান্তে ‘সর্বোচ্চ সংযম’ অবলম্বনের আহ্বান জানানোর পর এস এম কৃষ্ণা এ আশ্বাস দিলেন। উল্লেখ্য, থিম্পুতে গতকাল থেকে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।পত্রিকাটিতে বলা হয়, ‘ঢাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্রমেই উন্নতি হচ্ছে। পত্রিকাটিতে বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদন উদ্ধৃত করে বলা হয়, গত ১০ বছরে সীমান্তে বিএসএফের গুলিতে বছরে গড়ে প্রায় ১০০ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৭৪।