সীমান্তে বিএসএফের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর হিসাব অনুযায়ী ২০০০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে ৯৪৪ জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের গুলিতে আহত হয়েছেন এক হাজার ৫৫ জন এবং অপহরণের শিকার হয়েছেন ৯৮১ জন বাংলাদেশি।বিএসএফের এই হত্যা-নির্যাতন বন্ধের দাবি জানিয়ে অধিকার বলেছে, বিচারবহির্ভূত এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘ চার্টারের চরম লঙ্ঘন। অধিকারের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধিকারের দিনাজপুর জেলা সমন্বয়ক ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর দিনাজপুর প্রতিনিধি কঙ্কণ কর্মকার।সংবাদ সম্মেলনে বলা হয়, বেশির ভাগ ক্ষেত্রে বিএসএফের পক্ষ থেকে বলা হয় নিহত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতীয় সীমানায় ঢুকে গরু পাচারের সঙ্গে জড়িত। কিন্তু ভারত ও বাংলাদেশ উভয় সরকারের সমঝোতার ভিত্তিতে বাংলাদেশিরা ভারতীয়দের কাছ থেকে গরু কিনে নিয়ে আসে এবং এ জন্য আইন অনুযায়ী শুল্ক দিয়ে থাকে। কাজেই বাংলাদেশি গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের প্রতি অন্যায়, অবিচার ও নির্যাতন প্রতিরোধ এবং বিএসএফের গুলি বন্ধসহ ১৭টি দাবি উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে। এসব দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়ে অধিকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গতকাল একটি স্মারকলিপি দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধিকারের মানবাধিকারকর্মী মোস্তাফিজুর রহমান, আজহারুল আজাদ, এস এম আলমগীর, মো. শাহজাহান, লাভলী আজাদ, রুবা জান্নাতুন, জিয়াউল হক প্রমুখ। এ ছাড়া সীমান্তে নির্যাতনের শিকার বেশ কয়েক ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।