শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ও নয়াবিল ইউনিয়নের সাতটি গ্রামে বুনো হাতির উপদ্রব থামছে না। হাতির হাত থেকে ফসল রক্ষা করতে এসব গ্রামের লোকজন নয় দিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
সর্বশেষ গত সোমবার রাতে হাতির পাল নাকুগাঁও গ্রামে ১৫ থেকে ১৬ একর জমির ধানের আবাদ খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে ফেলেছে। বর্তমানে পালটি দুই ভাগে ভাগ হয়ে দিনের বেলায় শান্তিগোপ এবং ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী ফেকামারি পাহাড়ে অবস্থান করছে।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নবী হোসেন বলেন, প্রতি রাতে হাতি লোকালয়ে হানা দিচ্ছে। ইতিমধ্যে বোরো ধান, গম ও তরমুজের খেত নষ্ট করে ফেলেছে। কখন কার ক্ষতি করে, তাই সীমান্তবাসী হাতির আতঙ্কে রয়েছে।
এলাকার কয়েকজন বলেন, হাতির পাল গত ৯ দিনে কোচপাড়া ও আন্ধারুপাড়ার ১৫ জন কৃষকের ২ একর জমির গম ও বোরো ধান খেয়ে ফেলেছে। এ ছাড়া ৪০ শতক জমির তরমুজের খেত পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করেছে। হাতির ভয়ে কোচপাড়ার কয়েকজন কৃষক গম পাকার আগেই ফসল কেটে ফেলেছেন। সর্বশেষ গত সোমবার রাতে হাতির পাল নাকুগাঁও গ্রামের ১৫ থেকে ১৬ একর জমির ধানের আবাদ নষ্ট করে ফেলেছে। পাহাড়ি এলাকার এসব জমিতে আগাম বোরো আবাদ করা হয়েছিল। এখন ধানগাছে থোড় এসেছে। এ সময় এমন ক্ষতি হওয়ায় চাষিরা হতাশ হয়ে পড়েছেন। তাঁরা হাতি তাড়ানোর জন্য মশাল জ্বালাতে সরকারিভাবে কেরোসিন তেল সরবরাহের দাবি জানান।
নাকুগাঁও গ্রামের মোজাম্মেল হক বলেন, ‘সইন্ধ্যা নামুনের লগে লগে সব হাতি এক অইয়া খেতে নামবার চায়। তাই দেড়-দুই শ গ্রামবাসী মিইলা রাইত জাইগা পাহারা দেই। এ পর্যন্ত এলাকায় ১৫-১৬ একর জমি খাইয়া পাউ দিয়া নষ্ট করছে। হাতি লইয়া বিপদের মধ্যে আছি।’
কোচপাড়া গ্রামের অনিল কোচ বলেন, ‘অনেক কষ্টে ১৪ কাঠা জমিতে বোরো লাগাইছলাম। হাতির পাল অধ্যেক আবাদ খাইয়া, পা দিয়া মাড়াইয়া নষ্ট কইরা ফালাইছে। বাকি আবাদ রক্ষা করবার লাইগা সারা রাইত জাইগা থাহি। মশাল জ্বালানোর জন্য তেল কিনার সামর্থ্য আমার নাই।’
পশ্চিম শমশ্চুড়া গ্রামের আলী হোসেন বলেন, ‘ঋণ কইরা ২৫ কাডা জমিত বোরো লাগাইছি। প্রায় ২০ হাজার টেহা খরচ অইছে। অহন হাতি ফসল খাইয়া হালাইলে আমার সব শেষ অইয়া যাইব।’
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা বলেন, ২০ মার্চ সন্ধ্যায় মেঘালয়ের মাচাংপাড়া সীমান্ত সড়কের সেতুর নিচ দিয়ে ৩০-৪০টি বুনো হাতি পশ্চিম শমশ্চুড়া গ্রামের ১ হাজার ১১০ নম্বর পিলারের কাছ দিয়ে কোচপাড়া এলাকার সমতলে নেমে আসে। প্রতি রাতে এসব হাতি পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম শমশ্চুড়া, কোচপাড়া, বরুঙ্গা, কালাপানি, আন্ধারুপাড়া ও কাটাবাড়ি এবং নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও গ্রামের ফসল বিনষ্ট করছে। ফসল রক্ষা করতে গ্রামবাসী রাতে মশাল জ্বালিয়ে এবং চিৎকার-চেঁচামেচি করে হাতি তাড়ানোর চেষ্টা করছে। এতেও কাজ হচ্ছে না। তিন দিন ধরে দিনের বেলায় হাতির পালটি শান্তিগোপ এবং মেঘালয়ের সীমান্তবর্তী ফেকামারি পাহাড়ে অবস্থান করছে।
নয়াবিল ইউপির চেয়ারম্যান মো. ইউনুস আলী দেওয়ান বলেন, ‘হাতি তাড়াতে কেরোসিন তেলের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। তিনি বন বিভাগের রেঞ্জারের মাধ্যমে তেল দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
মধুটিলার রেঞ্জ কর্মকর্তা মো. ইলুছুর রহমান বলেন, ইউএনওর নির্দেশে কিছু জায়গায় মশাল জ্বালানোর জন্য তেল দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী তালিকা করা হচ্ছে। আশা করছি, ইউএনওর সহায়তায় দ্রুত আরও তেলের ব্যবস্থা করা হবে।
পোড়াগাঁও ইউনিয়ন হাতি প্রতিরোধ কমিটির প্রধান রমেন কোচ বলেন, রেঞ্জারের মাধ্যমে সামান্য কেরোসিন তেল পাওয়া গেছে। আরও তেল, চার্জার লাইট ও হাতমাইকের ব্যবস্থা হলে হাতি প্রতিরোধ করতে সুবিধা হতো।
ইউএনও তরফদার সোহেল রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে হাতি-উপদ্রুত এলাকায় রেঞ্জারের মাধ্যমে কেরোসিন তেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা আবেদন করেন, তাহলে তেল কিনতে অর্থ সহায়তা দেওয়া হবে।