সীমান্তে বোমা বিস্ফোরণ পাঁচ কৃষক আহত
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের মথুরাপুর সীমান্তে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বোমা বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।তাঁরা হলেন মথুরাপুর গ্রামের বাবু মিয়া (৪০), মিথুন আলী (৩২), মনিরুল ইসলাম (৩৮), আতাউল হক (৩৫) ও তৌহিদুল (৪০)। তাঁদের মধ্যে বাবু ও মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে আরও দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচ কৃষককে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকালও ওই কৃষকেরা জমিতে কাজ করছিলেন। এ সময় অদূরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাঁরা ব্যাগটি হাতড়ে ভেতর থেকে অনেক কৌটা বের করেন। লাল টেপ দিয়ে মোড়ানো কৌটাগুলো খুলতে গেলে চারটি বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টারে বাবু ও মনিরুলের ডান হাতের কবজি উড়ে যায় এবং অন্যদের শরীর ঝলসে যায়। মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, এ জেলায় যত্রতত্র বোমা পড়ে থাকে। এতে নিরীহ মানুষ আহত হচ্ছে।