কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী সীমান্তে মাদক এবং চোরাচালান ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার দিনব্যাপী এক পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলী এলাকার একটি রেস্তোরাঁয় গতকাল সকাল ১০টার দিকে বৈঠক শুরু হয়। চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কুমিল্লার সেক্টরের কমান্ডার কর্নেল মো. রুস্তম আলী। ভারতের পক্ষে নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের উদয়পুর বিএসএফের ডিআইজি কৈলাশ চাঁদ। কুমিল্লা সেক্টরের ব্যবস্থাপনায় ওই পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির ১৬ জন ও বিএসএফের ১৩ জন প্রতিনিধি অংশ নেন। পরে প্রীতি ভলিবল খেলা হয়।কুমিল্লা সেক্টরের কমান্ডার মো. রুস্তম আলী সাংবাদিকদের বলেন, বৈঠকে উভয় দেশের সীমান্তে বসবাসকারী নাগরিকদের অধিকার রক্ষাসহ যেকোনো ধরনের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া ভারত থেকে ফেনসিডিলসহ মাদকদ্রব্যের পাচার বন্ধ করার দাবিও জানানো হয়। রুস্তম আলী আরও বলেন, বৈঠকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী বিলনিয়া নদীর বাংলাদেশ অংশের তীর সংস্কার প্রসঙ্গেও আলোচনা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অপহরণ, অনুপ্রবেশ বন্ধ ও জঙ্গিবাদ ঠেকানোর বিষয়েও আলোচনা হয়। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, সীমান্ত এলাকার ফেনসিডিল কারখানাগুলো ধ্বংস ও বন্ধ করার জন্য ভারতের পুলিশকে অনুরোধ করা হবে। বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির কুমিল্লা সেক্টরের অধীনে ১২৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।