সীমান্তে মানুষ হত্যা শূন্যে আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে মানুষ হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ডি কে পাঠক। গতকাল শনিবার সকালে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দারের সঙ্গে এক সৌজন্য সভায় এ আশ্বাস দেন তিনি।
লতিফুল হায়দার প্রেস ব্রিফিংয়ে বলেন, সংক্ষিপ্ত সভাটি অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে হয়েছে। এতে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ বন্ধসহ আন্তসীমান্ত সন্ত্রাস দমনে যৌথ টহল বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শন, সীমান্তের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে আসার ব্যাপারে উভয় পক্ষ একমত হন। ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আটক করে সে দেশের পুলিশে সোপর্দ না করে বিজিবির কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
সভায় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি এস কে সুধ এবং বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল কামাল আহমেদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হকসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল নয়টার দিকে বিএসএফের মহাপরিচালকের নেতৃত্বে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।