সীমান্তে মুঠোফোন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উভয় দেশের মুঠোফোন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন মুঠোফোন অপারেটর কোম্পানি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এ সভা হয়। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, সীমান্তে মুঠোফোনের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা হবে। জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ বিবেচনায় এনে নেটওয়ার্ক সচলও রাখতে হবে। সীমান্তের ওপারে থাকা মুঠোফোনের নেটওয়ার্ক নিয়ন্ত্রণের পাশাপাশি বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তিদের কাছে সিম বিক্রি বন্ধ রাখতে হবে।
সুনীল কান্তি বোস এ জন্য মুঠোফোন অপারেটর কোম্পানিগুলোকে কক্সবাজার অঞ্চলে ব্যবসায়ী মনোভাব পরিহার করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান। এ ক্ষেত্রে সীমান্তে নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখতে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি জানান।
সভায় ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাদিহ বলেন, এখনো মিয়ানমারের অভ্যন্তরে প্রায় পাঁচ-ছয় কিলোমিটারের মধ্যে বাংলাদেশি বিভিন্ন মুঠোফোন কোম্পানির নেটওয়ার্ক পাওয়া যায়। বাংলাদেশের অভ্যন্তরেও মিয়ানমারের দুটি মুঠোফোন কোম্পানির নেটওয়ার্ক পাওয়া যায়। এর ফলে সীমান্তে ইয়াবা, মানব পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হুমকির সম্মুখীন হচ্ছে। তিনি এ সমস্যা রোধে সীমান্তের শূন্যরেখা ধরে একমুখী নেটওয়ার্ক চালুর প্রস্তাব করেন। একই সঙ্গে শূন্যরেখায় যৌথ জরিপ পরিচালনায় মুঠোফোন অপারেটরগুলোকে সরকারি নির্দেশনা অনুযায়ী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার, মুঠোফোন অপারেটর কোম্পানি টেলিটক, রবি, গ্রামীণফোন, সিটিসেল, এয়ারটেল ও বাংলালিংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি বছরে ২১ জুন প্রথম আলোতে ‘মিয়ানমারে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।