সীমান্তে যুবককে হত্যার অভিযোগ
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে গতকাল বুধবার সকালে মো. শাহাদত হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। স্থানীয় লোকজনের অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শাহাদতকে পিটিয়ে হত্যা করে সীমান্তে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাঁর লাশ পুটখালীতে নিয়ে আসে।শাহাদত শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে। মোস্তফা সাংবাদিকদের বলেন, শাহাদত দিনমজুরের কাজ করতেন। গত মঙ্গলবার তিনি গরু আনতে ভারতে যান। গতকাল সকালে জানতে পারেন শাহাদতের লাশ পাওয়া গেছে।পুটখালী সীমান্তের লোকজন অভিযোগ করেন, গরু আনতে গিয়ে শাহাদত বিএসএফের সদস্যদের হাতে ধরা পড়েন। বিএসএফ সদস্যরা তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন জানিয়েছে, শাহাদতের লাশ ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ জেলার আমরাইল গ্রামে পড়ে ছিল। পুটখালী গ্রামের লোকজন গতকাল সকালে লাশ গ্রামে নিয়ে এসে বিজিবিকে খবর দেন। বিজিবির জওয়ানেরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।