রোহিঙ্গা সংকট : গুলির আতঙ্কে সীমান্তে স্কুল ছুটি
সীমান্তে যৌথ অভিযান চালাতে মিয়ানমারকে ঢাকার প্রস্তাব

সীমান্তে ইসলামি জঙ্গিসহ উগ্রপন্থীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাতে ইয়াঙ্গুনকে নতুন প্রস্তাব দিয়েছে ঢাকা। বাংলাদেশে মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) অং মিন্টকে গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়।
রাখাইনের সাম্প্রতিক সংঘর্ষে জড়িত লোকজনকে ‘বাঙালি’ সন্ত্রাসী হিসেবে অভিহিত করার বিষয়টিতে বাংলাদেশ যে উদ্বিগ্ন, সেটিও মিয়ানমারের কূটনীতিককে এদিন স্পষ্ট করে বলা হয়েছে। মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ) মঞ্জুরুল করীম খান চৌধুরীর সঙ্গে দেখা করেন। এর আগে গত রোববারও অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।
এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) গতকাল তাদের সর্বশেষ
হালনাগাদ তথ্যে জানিয়েছে, রাখাইনে সংঘর্ষের পর ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সেখানকার ৫ হাজার ২০০ লোক সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারে পৌঁছেছে। বার্তা সংস্থা এএফপি গতকাল জানিয়েছে, গত বৃহস্পিতবার থেকে শুরু হওয়া সহিংসতায় ৮০ জন জঙ্গিসহ শতাধিক মানুষ রাখাইনে প্রাণ হারিয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও ঘুনধুম সীমান্তের ওপারে মিয়ানমার অংশে সোমবার সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। এরপর বাংলাদেশ অংশে সীমান্ত এলাকার দুটি গ্রামে আতঙ্ক ও গুজব ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সকাল ১০টায় ঘুনধুম ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। গতকাল বেলা তিনটার দিকে তুমব্রুর জলপাইতলী সীমান্তে গিয়ে দেখা যায়, দুই দেশের নো ম্যান্স ল্যান্ডে (সীমান্তের শূন্যরেখা) অবস্থান করছে প্রায় ৩০০ রোহিঙ্গা। সেখানে দায়িত্ব পালন করা বিজিবির একজন সদস্য বলেন, তিন দিন ধরে রোহিঙ্গারা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। তারা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, সে জন্য কড়া নজরদারি রয়েছে।
এদিকে গুলিবিদ্ধ ও দগ্ধ অবস্থায় আরও ১০ রোহিঙ্গা গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, তাদের মধ্যে এক কিশোরসহ আটজনের শরীরে গুলি লেগেছে। অন্য দুজন অগ্নিদগ্ধ হয়েছে।
গত শুক্রবার রাতে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে আহত ওই ১০ জন প্রথমে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের অনিবন্ধিত রোহিঙ্গাশিবিরে ওঠে। তাদের কারও কারও সঙ্গে পরিবারের সদস্যরাও এসেছে। সেখান থেকে রোববার রাতে তারা চট্টগ্রামে আসে।
গতকাল ভর্তি হওয়া রোহিঙ্গাদের মধ্যে জাহিদ ও সাদেক অগ্নিদগ্ধ। তাদের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। দুজনের শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানান। কিশোর জুনায়েদের মাথায় গুলি লেগেছে। তার বাবা ইদ্রিস বলেন, ঘরের ভেতরে ছেলে গুলিবিদ্ধ হয়েছে। অনেক পথ হেঁটে বহু কষ্টে ছেলেকে বাঁচাতে তাঁরা সীমান্ত পাড়ি দেন।
মিয়ানমারকে দেওয়া সীমান্ত যৌথ অভিযানের প্রসঙ্গে জানতে চাইলে মঞ্জুরুল করীম খান চৌধুরী বিকেলে প্রথম আলোকে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গত বছরের আগস্টে মিয়ানমারকে যৌথ অভিযানের প্রস্তাব দেওয়া হয়েছিল। মিয়ানমার নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানানোয় বাংলাদেশ প্রতিবেশী দেশকে আন্তরিকভাবে সহায়তা করতে চায়। এই উদ্দেশ্যে এবার সুনির্দিষ্টভাবে ইসলামি জঙ্গি, আরাকান আর্মি এবং রাষ্ট্রবিরোধী অন্য যেকোনো শক্তির বিরুদ্ধে দুই দেশের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের প্রস্তাব দেওয়া হয়েছে।
মঞ্জুরুল করীম বলেন, এ বছরের এপ্রিলে ঢাকায় দুই দেশের সীমান্তরক্ষীদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে দুই দেশের সীমান্তে সমন্বিত টহলের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ।
বান্দরবানের তুমব্রুর স্থানীয় বাসিন্দারা জানান, তুমব্রু সীমান্তে আশ্রয় নেওয়া কয়েক শ রোহিঙ্গাকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মিয়ানমারে ফেরত পাঠাচ্ছিলেন। ঠিক তখনই সীমান্তের ওপার থেকে প্রচণ্ড গুলির শব্দ শোনা যায়। ওই রোহিঙ্গারা মিয়ানমারে ঢোকার সময়ই তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তুমব্রু থেকে মিয়ানমার সীমান্তের দূরত্ব আধা কিলোমিটার।
ঘুনধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, ক্লাস শুরু হওয়ার আগে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে, বিদ্যালয়ের মাঠে একটি গুলি এসে পড়েছে। এতে ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে বিদ্যালয় ছুটি ঘোষণা করে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে মাঠে গুলির কোনো খোসা পাওয়া যায়নি।একই ইউনিয়নের তুমব্রু পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আতঙ্কের কারণে ছুটি ঘোষণা করা হয় বলে জানান প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। তিনটি বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ১ হাজার।
তুমব্রুর জলপাইতলী সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গতকাল দুপুরে অবস্থান করছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের ঢেঁকিবুনিয়া এলাকার দিলদার আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, চার দিন আগে মিয়ানমারের সেনাবাহিনী তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর এক ছেলে মারা গেছে। পরে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি স্ত্রীসহ অন্য ৯ ছেলেমেয়েকে নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তিন দিন ধরে নো ম্যান্স ল্যান্ডে আটকা পড়েছেন। এখন তিনি বাংলাদেশেও ঢুকতে পারছেন না, আবার মিয়ানমারেও ফিরে যেতে পারছেন না।
এদিকে রোববার মধ্যরাত থেকে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে ৬৯৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ ও বিজিবি। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এর মধ্যে উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে ঢোকা ৭৫ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করার কারণে দুই দালালকে গ্রেপ্তার করেছেন তাঁরা। আটক ৭৫ জন রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিয়ে কক্সবাজারের ৩৪ বিজিবির মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোববার মধ্যরাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত নাফ নদী পেরিয়ে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢোকার চেষ্টা করা ৬১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের পরে মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়।
সীমান্তের কিছু দুর্গম পয়েন্ট দিয়ে দালালের মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পাওয়া যাচ্ছে বলে জানান কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কক্সবাজার; বান্দরবান ও টেকনাফ প্রতিনিধি)