সীমান্তে যৌথ টহল জোরদারে সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরা যৌথ টহল জোরদার করতে সম্মত হয়েছেন।
দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীদের এই অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে পাঁচ দিনের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে বাংলাদেশের আপত্তির কারণে আলোচনার যৌথ সম্মত ঘোষণায় ‘অনুপ্রবেশ’ প্রসঙ্গ রাখা হয়নি।
এ প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সীমান্তে বসবাসকারীরা মাঝেমধ্যে এপার থেকে ওপারে গিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের লোকজন স্থায়ীভাবে ভারতে থাকার জন্য যাচ্ছেন, এ কথা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি সে রকম নয়।’
বিজিবির মহাপরিচালক আরও বলেন, ফেলানী খাতুন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে ভারত। মেজর জেনারেল আজিজ বলেন, ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য বিএসএফ নতুন করে নিতে চায়।’
ফেলানী মামলা কত দ্রুত মিটতে পারে এবং সে বিষয়ে কোনো সময়সীমা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে বিএসএফের মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক নির্দিষ্ট করে কিছু জানাননি। তিনি বলেন, ‘মামলাটির পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি বাবা নূর ইসলামের সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল কিশোরী ফেলানী। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে ফেলানী প্রাণ হারায়। পরে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল কাঁটাতারের বেড়ায়। নির্মম ওই হত্যাকাণ্ডের দুই বছর পর বিএসএফের অভিযুক্ত সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হয়। কিন্তু ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর ভারতের কোচবিহারের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের সদর দপ্তরে বিশেষ আদালত জেনারেল সিকিউরিটি কোর্ট এক রায়ে অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন।
গতকালের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দেবেন্দ্র কুমার পাঠক বলেন, সীমান্ত সমস্যার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে দুই পক্ষই উদ্যোগী রয়েছে। সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা যায়নি ঠিকই, কিন্তু অনেক কমিয়ে ফেলা হয়েছে। সীমান্তে আজকাল হুট করে গুলি চলে না।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তের অনেক এলাকায় নদী ও জলাভূমি রয়েছে। সিঙ্গাপুরের মতো এসব এলাকায় ভারতের কেন্দ্রীয় সরকার বিশেষ ধরনের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে। নৌকা নিয়ে অবৈধ অভিবাসীরা যাতে সিঙ্গাপুরে ঢুকতে না পারে, সে জন্য ২০০৩ সালে দেশটি পুলাও উবিন উপকূলে বিশেষ ধরনের বেড়া নির্মাণ করেছিল।
বিএসএফের আইজি (সাউথ বেঙ্গল) আর কে মিশ্র বলেন, ‘কেন্দ্রীয় সরকার সীমান্তজুড়ে বেড়া নির্মাণ করতে আগ্রহী। আমরা অনুপ্রবেশ বন্ধে বেড়া নির্মাণের জন্য সম্ভাব্য সব কিছু করছি।’