সীমান্তে যৌথ টহল জোরদারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় শেষ হওয়া বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্মেলনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দুই দেশের সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আঞ্চলিক কমান্ড পর্যায়ে চার দিনের ওই সম্মেলন শেষ হয় গতকাল বৃহস্পতিবার। ৮ জুন শুরু হয়েছিল এই সম্মেলন।
সম্মেলনে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, সোনা ও জাল নোট পাচার, অপহরণ, সীমান্তরক্ষী বাহিনীর ওপর চোরাচালানিদের হামলার মতো ঘটনা বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে যৌথ টহল আরও জোরদার করার সিদ্ধান্ত হয়।
সম্মেলনে আলোচনাকালে বিএসএফের পক্ষ থেকে বিজিবির হাতে সীমান্ত অঞ্চলে সক্রিয় ‘বাংলাদেশি’ অপরাধীদের একটি তালিকাও তুলে দেওয়া হয়। আলোচনার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ‘জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন’ হস্তান্তর করা হয়।
সম্মেলনে বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (দক্ষিণ-পশ্চিমাঞ্চল) শহীদুল ইসলাম। অন্যদিকে ভারতীয় পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) সন্দীপ সালুঙ্কা।