সীমান্তে হত্যা নির্যাতন বন্ধে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল বুধবার বিজিবির আখাউড়া কোম্পানি সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর অধিনায়ক পর্যায়ে বৈঠক হয়েছে।

সীমান্তে নির্যাতন ও হত্যা বন্ধ, সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সীমান্তের অমীমাংসিত কয়েকটি বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে বিজিবির পক্ষে কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল মোহামঞ্চদ জিল্লুল হক ও বিএসএফের পক্ষে আগরতলা গোকুলনগর সেক্টরের অধিনায়ক ডিআইজি বি এস তোলিয়া নেতৃত্ব দেন।

বিজিবির কর্মকর্তা ও বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে ফেনীর কহুয়া নদীর পাড় রক্ষা, মহুরীরচরে যৌথ টহল এবং আখাউড়া তল্লাশি চৌকির পাশের খালে ৪০০ মিটার লম্বা বক্স নির্মাণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে যোগ দিতে সকাল সাড়ে ১০টায় ১৪ সদস্যের বিএসএফের একটি দল আখাউড়ায় আসে।

বৈঠকের আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বি এস তোলিয়া বলেন, সীমান্তে হত্যা ও নির্যাত প্রত্যাশিত নয়। ত্রিপুরা সীমান্তে এমন ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে তাঁরা সতর্ক আছেন।

মাদক বিষয়ে এক প্রশ্নের উত্তরে তোলিয়া বলেন, ‘আমরা প্রতিদিন অনেক মাদক আটক করি। মাদক নির্মূল করতে পুলিশের সহায়তা নিয়ে দেশে প্রায় দেড় লাখ গাঁজার গাছ নষ্ট করা হয়েছে। মাদক দুই দেশেরই সমস্যা। তাই এটা নির্মূলে উভয় দেশকেই একসঙ্গে কাজ করতে হবে।’

বৈঠক শেষে বিকেলে বিজিবির কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল মোহামঞ্চদ জিল্লুল হক প্রথম আলোকে বলেন, প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ত্রিপুরা সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা নেই। এমনটি বজায় রাখতে বিএসএফকে অনুরোধ করা হয়েছে।