অর্থনৈতিক কারণেই বাংলাদেশ ও ভারত সীমান্তের বাসিন্দারা চোরাচালানের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। দুই দেশের সরকারই সীমান্তের নাগরিকদের ‘সৎছেলে-মেয়ে’র মতো দেখে। অনেক বাংলাদেশি কেবল জীবিকার তাগিদে ভারতে প্রবেশ করছে। সীমান্ত পারাপারের সময় তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে হত্যা, ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তুলনামূলক কম হলেও বিএসএফের নির্যাতনের হাত থেকে ভারতীয় সীমান্তের বাসিন্দারাও বাদ যাচ্ছে না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতে হলে দুই দেশের সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।গতকাল শুক্রবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘সীমান্তে নাগরিকদের সমস্যা ও আমাদের করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী মতবিনিময় সভার প্রথম দিনে বক্তারা এসব কথা বলেন। এতে দুই দেশের মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞদের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। আইন ও সালিশ কেন্দ্র এবং সাউথ এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্তে গুলিবর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা উভয় দেশের সরকারের মাধ্যমে সমাধান করতে হবে। এসব বন্ধে দুই দেশের সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য দুই দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করা উচিত।সাউথ এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক তপন বোস বলেন, দুই দেশের সরকারই সীমান্তের মানুষদের ‘সৎছেলে-মেয়ের’ মতো দেখে। প্রত্যেক সরকার সীমান্তে তাদের অধিকার রক্ষা করতে চায়। সামীন্তবাসীর প্রতি দিল্লি ও ঢাকার যে মনোভাব, সেটা বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সীমান্তে শত শত কোটি ডলারের চোরাচালান, বিএসএফের হাতে মানুষ হত্যাসহ বিভিন্ন ঘটনার চিত্র তুলে ধরে বলেন, ‘এসব ঘটনা নিয়ে আমরা যতখানি না সোচ্চার, ভারত ততটা নয়।’বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের সম্পাদক কিরিটি রায় সীমান্তে বিএসএফের হাতে সাধারণ মানুষ হত্যা, ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অর্থনৈতিক কারণেই সীমান্তের অনেক বাংলাদেশি ভারতে যায়। এ সময় নারীরা, বিশেষ করে কম বয়সী মেয়েরা বেশি ধর্ষণের শিকার হচ্ছে।মূল প্রবন্ধে আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা আবু আহমেদ ফয়জুল কবির বলেন, সীমান্তে সামরিকীকরণ ও সীমান্তসংক্রান্ত আইন অনুসরণ না করায় অব্যাহতভাবে চলছে গুলিবর্ষণ ও মানুষ হত্যার ঘটনা। তিনি বলেন, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত সীমান্ত সংঘাতের কারণে নিহত হয়েছে ২৫৬, আহত ১৬৮ ও অপহরণ হয়েছে ১৬৭ জন।সারা দিনের এ মতবিনিময় সভায় আরও অংশ নেন সাউথ এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস প্রতিনিধি রিতা মানচান্দি, শাহানা ঘোষ, সাংবাদিক সেলিম সামাদ, সীমান্ত এলাকার বাসিন্দা এন্তাজ আলী সরকার, রাজু মোস্তাফিজ প্রমুখ। সীমান্ত এলাকার ব্যক্তিরা তাঁদের নিজ এলাকায় বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা, নির্যাতনসহ সীমান্তের নাগরিকদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। তাঁরা উপমহাদেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত কিংবা স্থানীয় ভিত্তিতে অস্থায়ী পাসপোর্ট ও ভিসা প্রদান, সীমান্তবাসীদের বেশি পরিমাণ ভিজিএফ কার্ডসহ বেশি পরিমাণ ত্রাণ দেওয়া, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন। দুই দিনের এই মতবিনিময় সভা আজ শেষ হবে।