বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক কাল
সীমান্তে হত্যা বন্ধ ও চুক্তি বাস্তবায়নে গুরুত্ব ঢাকার
প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে নিরপরাধ বাংলাদেশি হত্যা বন্ধ ও শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দেবে বাংলাদেশ। সেই সঙ্গে নিরাপত্তাবিষয়ক চুক্তি এবং ছিটমহল ও অপদখলীয় ভূমি হস্তান্তরের প্রটোকল দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানাবে। অন্যদিকে, ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তি সই ও সুন্দরবনে দস্যুতা রোধে যৌথ ব্যবস্থাপনার বিষয়গুলো তুলবে আলোচনার টেবিলে।কাল মঙ্গলবার শুরু হওয়া বৈঠকে দুই পক্ষের অগ্রাধিকার প্রসঙ্গে গতকাল রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুই দিনের বৈঠকে স্বাগতিক পক্ষের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক আহমেদ। আর ভারতের পক্ষের নেতৃত্ব দেবেন সে দেশের স্বরাষ্ট্রসচিব আর কে সিং। স্বরাষ্ট্রসচিবদের বৈঠকের আগে আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ কার্য দলের (জেডব্লিউজি) বৈঠক। ওই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামালউদ্দীন আহমেদ। আর ভারতের নেতৃত্ব দেবেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং।দুই দেশের স্বরাষ্ট্রসচিবদের বৈঠকের আগে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক আহমেদ। স্বরাষ্ট্রসচিব বৈঠক শেষে এ প্রতিবেদককে বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ, মাদক ও মানব পাচার রোধ এবং শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার বিষয়গুলো আসবে। এ ছাড়া ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময় চুক্তির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নিরাপত্তাবিষয়ক চুক্তিগুলো বাস্তবায়নের বিষয়গুলো তোলা হবে। এ ছাড়া ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দুই আত্মস্বীকৃত ও সাজাপ্রাপ্ত খুনিকে ফেরত দিতে ফের অনুরোধ জানানো হবে।২০১০ সালে দিল্লিতে হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের পর পারস্পরিক আইনি সহায়তা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর ও সংঘবদ্ধ অপরাধ রোধ করতে তিনটি আলাদা চুক্তি সই হয়।দুই সচিবের আখাউড়া সফর: আর কে সিংয়ের নেতৃত্বাধীন ভারতের প্রতিনিধিদলটি আজ সকালে ঢাকায় আসছে। ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধিদলটি সি কিউ কে মোশতাক আহমেদসহ বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে আখাউড়া যাবে। দুই দেশের কর্মকর্তারা আখাউড়া-আগরতলা সীমান্তে বহিরাগমন চেকপোস্টসহ অবকাঠামো নির্মাণকাজের অগ্রগতি দেখবেন।এদিকে এবারের আলোচনাতেও বন্দী প্রত্যর্পণ চুক্তি সইয়ের বিষয়টি তুলবে ভারত। তবে বাংলাদেশ যেহেতু তৈরি নয়, তাই বিষয়টিতে খুব একটা জোর দেবে না ভারত, এমনটাই জানিয়েছেন ভারতীয় এক কূটনীতিক।