সীমান্তে হত্যা বন্ধ চায় বাংলাদেশ শূন্যে আনার আশ্বাস ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার আশ্বাস দিয়েছে ভারত।দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এই দাবি জানানো হয়। গতকাল শুক্রবার ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে ছয় দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়। সম্মেলন শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব যৌথ আলোচনার দলিলে স্বাক্ষর করেন।পরে দুই মহাপরিচালক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। রমন শ্রীবাস্তব সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার পাশাপাশি যৌথ ব্যবস্থাপনা ও আলোচনার মাধ্যমে সীমান্তের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। সীমান্ত সম্মেলনে আনোয়ার হোসেন ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের এবং রমন শ্রীবাস্তব ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দুই দেশ সীমান্ত সমস্যাসহ সব বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা চাই সীমান্তের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, সীমান্তে হত্যাকাণ্ড দুই দেশের সম্পর্কের অন্তরায়। তাই বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করার দাবি জানানো হয়েছে। চোরাচালান ও মাদক পাচার বন্ধে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভারতকে আশ্বস্ত করেছি, বাংলাদেশের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না।’সীমান্তে হত্যা কেন বন্ধ হচ্ছে না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএসএফের মহাপরিচালক বলেন, ‘সীমান্ত হত্যাকাণ্ড ক্রমে কমছে। সীমান্তে ২০০৯ সালে ৫৫ জন বাংলাদেশি, ২০১০ সালে ৩২ জন এবং চলতি বছরে এ পর্যন্ত সাতজন মারা গেছেন। আমরা নিশ্চয়তা দিচ্ছি, এ হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনব। আমরাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।’বিজিবির প্রধান বলেন, কেবল বাংলাদেশি নয়, ২০০৯ সালে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৩৭ জন ভারতীয় এবং ২০১০ সালে ২৩ ভারতীয়কেও হত্যা করে বিএসএফ।সীমান্তের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফের প্রধান বলেন, ‘আপনারা যেটাকে সীমান্ত হত্যাকাণ্ড বলেন, সেটা হত্যাকাণ্ড নয়, তা হলো মৃত্যু। আমরা কাউকে হত্যার উদ্দেশ্যে গুলি করি না। দায়িত্ব পালনের সময় নিরাপত্তার স্বার্থে এটি করা হয়। তার পরও আমরা চাই না কোনো বাংলাদেশি মারা যান। আমরা এখন বিএসএফের জওয়ানদের হাতে প্রাণঘাতী নয় এমন অস্ত্র দিচ্ছি। আমরা চাই না অযথা কেউ মারা যাক। কিন্তু এর ফলে সমস্যাও তৈরি হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা একটু নমনীয় হলেই সন্ত্রাসীরা সাহসী হয়ে ওঠে। সন্ত্রাসীরা বিএসএফের সদস্যদের ওপর হামলা চালাচ্ছে।’এ সময় বিজিবির প্রধান বলেন, ‘বিজিবি সীমান্তে কাউকে গুলি করে না, বরং গ্রেপ্তার করে ভারতীয় বাহিনীর কাছে তুলে দেয়। বিজিবি সীমান্তে আন্তর্জাতিক সব নিয়ম মেনে চলে। আমরা চাই, ভারতও তা মেনে চলুক। আমরা চাই না, আমাদের কোনো নাগরিক সীমান্তে মারা যাক।’যৌথ সীমান্ত ব্যবস্থাপনা: আনোয়ার হোসেন জানান, দুই দেশের মধ্যে যৌথ সীমান্ত ব্যবস্থাপনার জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও মানব পাচার এবং অবৈধ পারাপার নিয়ন্ত্রণে কাজ করব আমরা। রমন শ্রীবাস্তব বলেন, ৩১ অক্টোবরের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা শুরু হবে। জাল মুদ্রা: বিএসএফের মহাপরিচালক বলেন, অপরাধী, বিচ্ছিন্নতাবাদী ও জাল মুদ্রা পাচারকারীদের একটি তালিকা বাংলাদেশকে দেওয়া হয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ এ ব্যাপারে প্রশংসাযোগ্য সহযোগিতা করছে। তিনবিঘা করিডর: বিজিবির মহাপরিচালক জানান, তিনবিঘা করিডর ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়ার পর শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও এখন সব ঠিক আছে।পিলখানায় গত ২৫ সেপ্টেম্বর এই সীমান্ত সম্মেলন শুরু হয়। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির বিভিন্ন সেক্টরের কমান্ডাররা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন।