সীমান্তে আর কোনো বাংলাদেশিকে হত্যা না করার অঙ্গীকার করেছেন বিএসএফের ৪০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কৃপা শুল্কা। বাংলাদেশি যুবক মনিরুলকে গুলি করে হত্যার দায় স্বীকারের পরদিন গতকাল বৃহস্পতিবার উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে এই অঙ্গীকার করেন তিনি। এর আগে ভারতে লাশের ময়নাতদন্ত শেষে বুধবার রাত ১০টার দিকে লাশটি ফেরত দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ।
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে বাংলাদেশি যুবক মনিরুলকে গত সোমবার মধ্যরাতে গুলি করে হত্যা করা হয়। গরু নিয়ে ভারত থেকে ফেরার সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে অভিযোগ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হত্যার অভিযোগ স্বীকার করে গত বুধবার কোম্পানি পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করে বিএসএফ। ওই দিনই উভয় পক্ষের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়। গতকাল অনুষ্ঠিত ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশি যুবক মনিরুলকে হত্যার দায় আবারও স্বীকার করে আর কোনো বাংলাদেশিকে হত্যা করা হবে না বলে বিএসএফের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়। বিজিবির বেনাপোল ক্যাম্পে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বিএসএফের ৪০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কৃপা শুল্কা।
বৈঠক শেষে বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক আবদুর রহিম বলেন, ‘সীমান্তে প্রতিটি হত্যার পর পতাকা বৈঠক হয়। প্রত্যেকবার বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। আর হত্যা হবে না বলে তারা অঙ্গীকারও করে। তারপরও হত্যাকাণ্ড ঘটছেই। তারা তাদের অঙ্গীকার রক্ষা করে না।’
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, লাশটি বিজিবির সদস্যদের মাধ্যমে প্রথমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ মনিরুলের বাবা মনজুরুল ইসলামের কাছে লাশটি তুলে দেয়। গতকাল দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।