সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে জাতিসংঘের সহায়তা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ আহ্বান জানান। তিনি ‘সীমান্তে গুলি বন্ধ হবে না’ বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধানের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানান।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে অনুপ্রবেশের সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড। অথচ বিএসএফ-প্রধান বলছেন, তাঁরা গুলি অব্যাহত রাখবেন। তাই সরকারের উচিত এর বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব তোলা। ‘পুঁজিবাজার ধ্বংসের’ প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।মির্জা ফখরুল বলেছেন, পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থার জন্য দায়ী সরকার। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় লোকদের লুটপাটের সুযোগ করে দিতে পরিকল্পিতভাবে এ অবস্থার সৃষ্টি করেছে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।দুই জেলার যৌথ সভা: গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নরসিংদী ও মানিকগঞ্জ জেলা শাখার যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান প্রধান অতিথি ছিলেন। সভায় ১২ মার্চের মহাসমাবেশের পক্ষে জেলা দুটিতে প্রচারপত্র বিতরণ, পোস্টার ছাপানো ও কর্মিসভা করার সিদ্ধান্ত হয়। খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করায় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের সমালোচনা করা হয়।