সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে ভারতকে আবারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে ভারত এ কাজে সহায়তার জন্য বাংলাদেশকে সীমান্তে নজরদারি বাড়াতে বলেছে। গতকাল মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সীমান্তে বাংলাদেশিদের হত্যার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
দুই দেশের সীমান্ত এলাকায় গত মার্চ মাস থেকে এ পর্যন্ত মোট ২৬ জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ।
দুই দিনে সচিব পর্যায়ের এ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, সন্ত্রাসবাদ, মাদক ও মানব পাচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠনগুলোর মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করা, আটক আসামিদের ফিরিয়ে দেওয়া, জঙ্গি সংগঠনগুলোর ঘাঁটি ভেঙে দেওয়াসহ মোট ১৩টি বিষয় তোলা হয়। স্থলসীমান্ত চুক্তি ও সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
গতকালের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান এবং ভারতের পক্ষে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি। বৈঠক সূত্র জানায়, দুই দিনব্যাপী স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে গতকাল বিকেলেই ভারতীয় প্রতিনিধিদল দেশে ফিরে গেছে।
বৈঠকে ভারতের পক্ষ থেকে জঙ্গি সংগঠনগুলোর বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ নামে ছোট ছোট জঙ্গি সংগঠন রয়েছে, যাদের নিষিদ্ধ করা হয়েছে। এসব নিষিদ্ধ সংগঠনের কাউকে কখনোই ভারতে আশ্রয় না দেওয়ার অনুরোধ জানানো হয়। ভারত জানায়, তাদের দেশ থেকে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা এর সদস্য বাংলাদেশের পাহাড়ি এলাকায় এসে অনুপ্রবেশ করে। এ ব্যাপারে খোঁজখবর নিতে অনুরোধ জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ৩৬ জন শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও দাগি আসামির তালিকা তুলে দেওয়া হয় ভারতের কাছে। এই তালিকায় নাম আছে সাজ্জাদ হোসেন খান, জাফর আহমেদ, হোসেন নবী, বিশ্বাস প্রকাশ কুমার, রফিকুল ইসলাম, মাসুদ মোল্লা, সুব্রত বাইন, আহমেদ শামীম, জিসান যীশু, খন্দকার তানভীর ইসলাম প্রমুখের।
বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। এ বিষয়ে ভারত সুনির্দিষ্ট তথ্য চেয়েছে। বৈঠকে মাদক চোরাচালানের বিষয়ে বাংলাদেশের পক্ষ অসন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠক বিষয়ে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে এসব এজেন্ডার বাইরে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজ করার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। আমরা তাঁদের সক্ষমতা বাড়ানোর অনুরোধ জানিয়েছি। বাংলাদেশের পক্ষ থেকে তাঁদের কাছে ভারতের ভিসা পাওয়ার জটিলতা ও ভোগান্তির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ভারত বলেছে, ভিসা-প্রক্রিয়া সহজ করা হবে।’
ভারতের কারাগারে থাকা বন্দীদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, দুই দেশের কাছে যেসব সন্ত্রাসী, দাগি অপরাধী আছে, তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে নির্দিষ্ট কারও সম্পর্কে আলোচনা হয়নি।