বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড ও চোরাচালান বন্ধসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা হয়েছে। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল এমদাদুল হক। আর বিএসএফের পক্ষে ভারতের মালদা সেক্টরের কমান্ডার অমরজিৎ সিং। বৈঠক শেষে কর্নেল এমদাদুল হক জানান, বৈঠকে অমরজিৎ সিং বলেছেন, বাংলাদেশি চোরাচালানিদের উৎপাত রোধ করতেই গুলি চালাতে হয়। চোরাচালানিরা অনেক সময় বিএসএফের ওপর হামলাও চালায়। তিনি আরও বলেন, ভবিষ্যতে সীমান্তে হত্যার ব্যাপারে বিএসএফ সতর্ক হবে। বৈঠকে অংশ নিতে বিএসএফের প্রতিনিধিদলটি গতকাল সকালে সোনামসজিদ সীমান্তের জিরো পয়েন্টে এলে বিজিবির পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএসএফের সেক্টর কমান্ডার অমরজিৎ সিং। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু গরু চোরাচালানি নয়, মাদক চোরাচালানসহ অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোরভাবে কাজ করে বিএসএফ। এ জন্য মাঝেমধ্যে তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারকারীদের লক্ষ্য করে গুলি করতে হয়।বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার মোহামঞ্চদ মহসিন, ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক হাসান মোহা. শামসুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের ৯ ব্যাটালিয়নের অধিনায়ক মনজুরুল আলম, বিএসএফের ৬৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রেম সিং, ১২৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এ এস দাস, ২০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রখর ত্রিবেদী প্রমুখ।