বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে দ্য ডেইলি স্টার ও আইপিএজির সংলাপ
সীমান্তে হত্যা বন্ধে সমন্বিত সুপারিশের তাগিদ

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের মধ্যে সবচেয়ে ভালো পর্যায়ে আছে। এরপরও সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা থামেনি। এই হত্যা বন্ধে সমন্বিত টহলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর পানিবণ্টনের সমস্যা দূর করতে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এক সংলাপের দ্বিতীয় কর্ম-অধিবেশনে বক্তারা এই অভিমত দেন। ওই অধিবেশন সঞ্চালনা করেন আইপিএজির চেয়ারম্যান সৈয়দ মুনির খসরু।
দ্য ডেইলি স্টার সেন্টারে ‘বাংলাদেশ-ইন্ডিয়া রিলেশন্স-প্রগেসেস মেড অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস আহেড’ শীর্ষক এই আলোচনা যৌথভাবে আয়োজন করে দ্য ডেইলি স্টার ও দ্য ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্স (আইপিএজি)।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো ভারতে দেখা না যাওয়া আমাদের কাছে হতাশার বিষয়গুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের চ্যানেল ভারতে দেখাতে হলে দুই কোটি রুপি ফি ধরা হয়েছে। এটি পরোক্ষভাবে এ দেশের চ্যানেলগুলোর ভারতে কার্যক্রম পরিচালনাকে নিরুৎসাহিত করছে।’
অর্থমন্ত্রী ভারত সফরের প্রসঙ্গ টেনে বলেন, প্রতিবেশী হিসেবে চীন ও পাকিস্তানকে যেভাবে ভারতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, বাংলাদেশের বেলায় তেমনটা হয় না। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের আর্থসামাজিক অর্জন নিয়ে যে আলোচনা হয়, ভারতের রাজধানীতে সেটি চোখে পড়ে না। তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্যে তুলনামূলকভাবে ভালো সমুদ্রবন্দর হিসেবে গড়ে উঠবে পায়রা। আর আমার বিবেচনায় চীন ও ভারত এখানে একসঙ্গে কাজ করতে পারে।’
দ্বিতীয় কর্ম-অধিবেশনে সীমান্ত ও নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু করেন দ্য ডেইলি স্টার-এর অপ-এড অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স এডিটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক বর্তমান সময়ে যথেষ্ট ভালো হওয়ার পরও সীমান্ত হত্যা থেমে নেই। এ বছরের মে মাস থেকে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সীমান্তে চোরাচালানের জন্য এসব প্রাণহানি ঘটছে বলে ভারতের পক্ষ থেকে বলা হয়। চোরাচালান হলে তাই সীমান্তের দুই পাশেই হচ্ছে। তাই এ সমস্যার সমাধান করতে হলে বিষয়টিকে আমাদের সংবেদনশীলভাবে দেখতে হবে।’
>প্রতিবেশী হিসেবে চীন ও পাকিস্তানকে যেভাবে ভারতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, বাংলাদেশের বেলায় তেমনটা হয় না। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের আর্থসামাজিক অর্জন নিয়ে যে আলোচনা হয়, ভারতের রাজধানীতে সেটি চোখে পড়ে না
আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী
এ বিষয়ে দিল্লিভিত্তিক দ্য ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের (আইডিএসএ) শ্রুতি পট্টনায়েক বলেন, সীমান্ত সমস্যার সমাধান করতে হলে সমন্বিত টহল জোরদার করতে হবে। তবে দুই দেশের সীমান্তের এমন কিছু জটিল জায়গা আছে, তাতে পুরো সীমান্ত কঠোর নজরদারিতে রাখা দুরূহ হয়ে পড়ে। তিনি সীমান্ত হত্যা বন্ধে রাতের বেলা ভারতীয় অংশে যেভাবে সান্ধ্য আইন চালু আছে, বাংলাদেশকে তা অনুসরণের পরামর্শ দেন। পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষীদের প্রাণঘাতী বুলেটের পরিবর্তে প্লাস্টিকের বুলেট ব্যবহারের সুপারিশ করেন।
তবে সীমান্ত হত্যা বন্ধে রাতের বেলা কারফিউ চালুর বিরোধিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, এটি (সান্ধ্য আইন চালু) করে সমস্যার সমাধান করা যাবে না। সীমান্ত এলাকাকে বাইরের অংশ হিসেবে বিবেচনা করা হয় বলে, এই সমস্যা হচ্ছে। সীমান্ত এলাকাকে কেন্দ্রের অংশ হিসেবে বিবেচনায় নিতে হবে।
দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে দুই দেশের সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে হত্যা কমেনি। বাংলাদেশ-ভারত সীমান্তের বাস্তবতা নিয়ে ভারতে ধারণাগত ঘাটতি আছে। সীমান্তে বাংলাদেশের লোকজনকে হত্যার কথা শুনে যেকোনো ভারতীয় অবাক হয়ে যান।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত দুই দেশের অভিন্ন নদীর পানিবণ্টনে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার ওপর জোর দেন। তিনি বলেন, নাব্যতার মাধ্যমে নৌপথের উন্নয়নের মাধ্যমে পরিবেশ ও যোগাযোগের অনেক সমস্যার সমাধান হবে। তবে এসব উন্নয়নের ক্ষেত্রে সামাজিক ও পরিবেশের বিষয়গুলোকে বিবেচনায় নিতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে তা করতে হবে। যৌথ নদী কমিশন (জেআরসি) শুধু কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করে, নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তাই জেআরসির পাশাপাশি রাজনৈতিক কাঠামো অন্তর্ভুক্ত করে দুই স্তরের কাঠামো প্রতিষ্ঠা জরুরি।
দিল্লিভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) অশোক মালিক বলেন, ‘একটি অভিন্ন নদী থেকে নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার বিষয়টিতে আটকে না থেকে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনায় মনোযোগী হতে হবে। আমরা শুধু বর্তমানে আটকে আছি, ভবিষ্যৎ নিয়ে ভাবছি না।’
উদ্বোধনী অধিবেশনে সেন্টার ফর ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, অতীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সংলাপ আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক ঝুঁকি ছিল, যেটি এখন নেই। অথচ অতীতে শিক্ষিত লোকজনও বলতেন ভারতকে ট্রানজিট দিলে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি হবে। এখন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি বিরাজ করছে। ভারতকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এখন কারও মাঝে উদ্বেগ দেখা যায় না। এমনকি বিরোধী রাজনৈতিক দলও ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে।
ঢাকায় ভারতের উপহাইকমিশনার আদর্শ সোয়াইকা বলেন, ‘অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদ আমাদের সামাজিক কাঠামোর জন্য হুমকি তৈরি করছে এবং সন্ত্রাসী গোষ্ঠীর একমাত্র লক্ষ্যই হচ্ছে যেকোনো ইতিবাচক উন্নয়নকে দুর্বল করে দেওয়া। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের ন্যূনতম ছাড় না দেওয়ার নীতিকে ভারত সমর্থন করে এবং ভারতও একই নীতি অনুসরণ করে। বিশেষ করে ১ জুলাইয়ের হামলার পর বাংলাদেশ সরকার সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে জোরালো পদক্ষেপ নিয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সমাজের সব পক্ষকে সফলভাবে এক জায়গায় আনতে পেরেছে।’
আলোচনার শুরুতে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ভারতের প্রধান উদ্বেগের বিষয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ। আর সন্ত্রাসবাদের পাশাপাশি পানিবণ্টন ও ভারতের সঙ্গে অসম বাণিজ্য বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। ভারতের নিরাপত্তাজনিত উদ্বেগ বাংলাদেশ অনেকটা দূর করেছে। তবে এ ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। পানির সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি এর চাহিদা বেড়ে যাওয়ায় পানির বিষয়টি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের। তিস্তার পানিবণ্টন ও অভিন্ন অন্য নদীগুলোর পানিবণ্টন দুই দেশের সম্পর্ককে পরীক্ষায় ফেলবে। তাঁর মতে, জটিল বিষয়গুলো আলোচনায় তোলার অর্থ এই নয় যে বন্ধুত্ব ও সদিচ্ছায় ঘাটতির বহিঃপ্রকাশ। বরং সবচেয়ে জটিল বিষয়গুলো নিয়েই আলোচনা হওয়া উচিত।
সারা দিনের সংলাপে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, তা তুলে ধরেন সৈয়দ মুনির খসরু।