সীমান্তে হত্যা বন্ধের বিষয় তুলে ধরবে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন বন্ধের বিষয়টি বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জোরালোভাবে তুলে ধরবে ঢাকা। একই সঙ্গে গুরুত্ব পাবে ’৭৪-এর সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের বিষয়টি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে কাল শুক্রবার শুরু হচ্ছে দুই দিনের এই বৈঠক।স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল বুধবার প্রথম আলোকে বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়ে এসব তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ভারতের নেতৃত্ব দেবেন পি চিদাম্বরম। বৈঠকে যোগ দিতে সাহারা খাতুনের নেতৃত্বে ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের আজ দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা।বৈঠকের আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সীমান্ত-ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। আলোচনায় আমাদের পক্ষ থেকে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নিরস্ত্র লোকজনের প্রাণহানি ও নির্যাতন বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। এ ব্যাপারে ভারতের অবস্থান সুস্পষ্ট করার অনুরোধ জানানো হবে।মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে এ পর্যন্ত বিএসএফের হাতে ৯৩৫ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছে।