গতকাল মঙ্গলবার ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের (জেডব্লিউজি) বৈঠকে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা বন্ধের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নিরপরাধ নাগরিক হত্যা বন্ধে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি অনুধাবন করে সীমান্ত এলাকায় কাউকে দেখামাত্র গুলি না করে বিকল্প পথ খুঁজতে রাজি হয়েছে ভারত। যুগ্ম সচিব পর্যায়ের জেডব্লিউজির দুদিনের বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন। আর ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং। গতকাল বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি হত্যার বিষয়টি প্রাধান্য পায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরের আগেই যুগ্ম সচিব পর্যায়ের বৈঠক শেষ হচ্ছে। দুপুরের পর থেকে দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হবে। ওই বৈঠকের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত হয়েছে যুগ্ম সচিব পর্যায়ের বৈঠকে। দুই দিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার ১৫ সদস্যের স্বাগতিক দলের নেতৃত্ব দেবেন। আর ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন সে দেশের স্বরাষ্ট্রসচিব গোপাল কে পিল্লাই।মঙ্গলবারের বৈঠক সম্পর্কে জানতে চাইলে কামাল উদ্দিন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুপক্ষই পরস্পরের উদ্বেগের বিষয়গুলোর যথার্থতা উপলব্ধি করতে পেরেছে। এরই আলোকে সমস্যা সমাধানের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপের ব্যাপারে কথা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে এ ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর আশা করছি।’ গতকালের বৈঠকে কোন কোন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী হত্যার বিষয়টি উল্লেখ করে সীমান্তে বাংলাদেশিদের হত্যার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। একই সঙ্গে নিরস্ত্র ও নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা বন্ধে জোরালো যুক্তি ও দাবি উপস্থাপন করা হয়। এসব হত্যাকাণ্ড দুপক্ষের জন্য বিব্রতকর বলে স্বীকার করেন উভয় পক্ষের কর্মকর্তারা। এর পরিপ্রেক্ষিতে সীমান্তে কাউকে দেখামাত্র গুলি না করে বিকল্প পথ খুঁজে বের করতে রাজি হয় ভারত। প্রয়োজনে রাবার বুলেট ব্যবহার করা যায় কি না, সেটিও খতিয়ে দেখার কথা বিবেচনা করবে বলে জানায় ভারত। জানা গেছে, সীমান্তে অপদখলীয় জমি হস্তান্তর, নিরাপত্তা রক্ষাবাহিনীর পারস্পরিক প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া দুদেশের মধ্যে সম্পাদিত অপরাধ ও সন্ত্রাস দমন বিষয়ে তিনটি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দুপক্ষ কথা বলেছে।