সীমান্তে হত্যা শূন্যে নামাতে ঐকমত্য
অপরাধমূলক তৎপরতা কিংবা অন্য কোনো কারণে সীমান্তে বাংলাদেশের নিরস্ত্র লোকজনকে হত্যা পুরোপুরি বন্ধে কঠোর বার্তা পাঠানো হবে তৃণমূল পর্যায়ে সীমান্তরক্ষীদের কাছে। সেই সঙ্গে চোরাচালানসহ নানা ধরনের আন্তসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ ও ভারত সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করবে।
গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের বৈঠকে এ বিষয়টি ছাড়াও বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত চেয়েছে ভারত। আর কলকাতায় কারাবন্দী নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফেরত পাঠানোর তাগিদ দিয়েছে বাংলাদেশ।
সীমান্ত হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন দুই পক্ষের কর্মকর্তারা।
দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আগে যুগ্ম সচিব পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। রাজধানীর একটি হোটেলে ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দীন আহমেদ বাংলাদেশের এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শম্ভু সিং তাঁর দেশের নেতৃত্ব দেন। আজ বুধবার বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব একই জায়গায় দুই দিনের বৈঠকে বসবেন।
সন্ধ্যায় বৈঠক শেষে কামালউদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়া ও কলকাতায় কারাবন্দী নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে। তবে একজনের পরিবর্তে অন্যজনকে হস্তান্তর করা হবে, এমন আলোচনা দুই পক্ষের মধ্যে এখনো হয়নি। একটির সঙ্গে অন্যটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই। এটির মধ্যে বিনিময়ের কোনো সম্পর্ক নেই। পারস্পরিক চাওয়া-পাওয়ার বিষয়েও দুই দেশই সচেতন রয়েছে বলে তিনি জানান।
কামালউদ্দীন আহমেদ জানান, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার পারস্পরিক বিভিন্ন বিষয় দুই পক্ষ তুলেছে। দুই পক্ষই এ সমস্যাগুলো মেটাতে একমত হয়েছে। এসব বিষয় বুধবার স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে উত্থাপন করা হবে।
সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্ত ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে কামালউদ্দীন আহমেদ বলেন, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধে সীমান্তরক্ষীদের কাছে কঠোর বার্তা পৌঁছে দেওয়ার ব্যাপারে দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছে। সীমান্তের এক পাশ থেকে কেউ অন্য পাশে চলে গেলে তাকে তার দেশের কাছে তুলে দিতে হবে, হত্যা করা যাবে না। সীমান্তে বাংলাদেশের নিরস্ত্র নাগরিক হত্যার সংখ্যা এবং অতীতের তুলনায় এ নিয়ে সমস্যা কমেছে।
মানব ও অস্ত্র পাচার বন্ধে দুই দেশ একটি সমঝোতা স্মারক সই করার ব্যাপারে আলোচনা করেছে।
বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে সই হওয়া নিরাপত্তাসংক্রান্ত চারটি চুক্তি নিয়েও বৈঠকে কথা হয়েছে।
বিগত মহাজোট সরকারের আমল থেকেই নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের দমনে ঢাকার ভূমিকার প্রশংসা করে দিল্লি। এর পরও নিয়মিত বিরতিতে বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী গোষ্ঠীদের উপস্থিতির উল্লেখ করে দিল্লি। গতকালের বৈঠকে এ বিষয়টি এসেছে কি না জানতে চাইলে নেতিবাচক জবাব দেন কামালউদ্দীন আহমেদ। তিনি জানান, দুই দেশের মধ্যে সম্পাদিত বন্দী হস্তান্তর চুক্তির আওতায় ভারতের কারাগারে বন্দী বাংলাদেশের ৩২ জনকে ফেরত চাওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে এ ক্ষেত্রে সংখ্যাটা কত, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের কারাগারে বন্দী ৮৭৯ জনের একটি তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনের ভারতীয় নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তালিকার অবশিষ্ট লোকজনের ভারতীয় পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়নি।