সীমান্তে হত্যা শূন্যে নামাতে সতর্ক থাকবে বিএসএফ
সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আজ শুক্রবার দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীর সঙ্গে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের বৈঠক হয়। সেখানে ভারতের স্বরাষ্ট্রসচিব এ আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সফরের দ্বিতীয় দিনে শহীদুল হক সে দেশের পররাষ্ট্রসচিব ছাড়াও বিদ্যুৎসচিব প্রদীপ কুমার সিনহা ও বস্ত্রসচিব জোহরা চ্যাটার্জির সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন।
গত বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন।
দুই দেশের নিরাপত্তা খাতে বিশেষ করে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনীর চমৎকার সহযোগিতার প্রশংসা করেন শহীদুল হক ও অনিল গোস্বামী। দুই পক্ষই বিদ্যমান সহযোগিতাকে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সম্প্রতি সীমান্ত এলাকায় বাংলাদেশের নাগরিক হত্যা উল্লেখযোগ্য হারে কমার বিষয়টি উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সংযত আচরণ সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষীরা সর্বোচ্চ সতর্কতা দেখাবেন বলে ভারতের স্বরাষ্ট্রসচিব তাঁকে পুনরায় আশ্বস্ত করেছেন।
দুই প্রতিবেশী দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে টেকসই অগ্রগতি হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব ও ভারতের বিদ্যুৎসচিব সন্তোষ প্রকাশ করেন। ভেড়ামারা-বহরমপুর সঞ্চালন লাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে অতিরিক্ত ৫০০ মেগাওয়াট ও ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির ব্যাপারে দুই পক্ষ একমত পোষণ করে। জলবিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে একযোগে কাজ করতেও সম্মত হয়েছেন দুই দেশের কর্মকর্তারা।
ভারতের বস্ত্রসচিব জোহরা চ্যাটার্জির সঙ্গে বৈঠকে ঢাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের (আইজেএসজি) পরিবর্তে একটি নতুন প্রতিষ্ঠান স্থাপনের বিষয় উল্লেখ করেন পররাষ্ট্রসচিব শহীদুল হক। পাট উৎপাদন, পাট ও পাটজাত পণ্য বিপণনে সহযোগিতা অব্যাহত রাখার অংশ হিসেবে একটি প্রতিষ্ঠান স্থাপন বিষয়ে খুব দ্রুত দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর তাগিদ দেন পররাষ্ট্রসচিব।