সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আজিজ আহমেদ
সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আজিজ আহমেদ

বাংলাদেশ-ভারত সীমান্তে হতাহতের ঘটনা আগের চেয়ে কমেছে দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সীমান্তে হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। হতাহতের ঘটনা শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে।
রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক এ কথা বলেন। বিজিবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাপরিচালক জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সীমান্তে মাত্র তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে ২০১৩ সালে ২৮ জন, ২০১২ সালে ৩৪ এবং ২০১১ সালে ৩৯ জন নিহত হয়েছিলেন।
এই বক্তব্যের এক দিন আগে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হন।
বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলার রায়ের রিভিউ আবেদনের বিষয়ে মহাপরিচালক বলেন, ‘আগামী এপ্রিলে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। একটি সন্তোষজনক রায় আমাদের প্রত্যাশা।’ নারী ও শিশু পাচারের প্রসঙ্গে তিনি বলেন, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ভারতে পাচারের সময় ১৪৮ নারী ও ৫৪ শিশুকে আটক করা হয়েছে। তবে এ সময়ে মাত্র একজন পাচারকারী বিজিবির হাতে ধরা পড়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৪৯ বাংলাদেশিকে ফেব্রুয়ারিতে ফেরত পাঠিয়েছে বিএসএফ।
আজিজ আহমেদ জানান, বিভিন্ন রাষ্ট্রীয় অধিকার লঙ্ঘিত হয়—এ রকম ৫২ ঘটনায় ভারতের কাছে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি। সীমান্তে দুই বাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। ২০১৩ সালে সাত হাজার ৪৯৫টি সমন্বিত টহল দেওয়া হয়। রোহিঙ্গা আটক সম্পর্কে তিনি জানান, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৯৫২ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
সীমান্তে ইয়াবা, ফেনসিডিল পাচার এবং গডফাদারদের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে বিজিবির মহাপরিচালক বলেন, ‘সীমান্তের চারপাশে ভারতের রিং রোড আছে। আমাদের নেই। এ কারণে এগুলো সামাল দেওয়া আমাদের জন্য কঠিন।’
বিজিবির মহাপরিচালক জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়। হামলায় ক্ষতিগ্রস্ত ১৪১টি বাড়িঘর, মন্দির ও ক্লাব পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছে বিজিবি। এরই মধ্যে কিছু সম্পন্ন হয়েছে, কিছুর কাজ চলছে। তিনি জানান, সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে পুলিশকে হত্যা করে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি যেন দেশ ছাড়তে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক রয়েছে।
বিডিআরে বিদ্রোহ সম্পর্কে বিজিবির মহাপরিচালক বলেন, ১৯৯১ সালেও বিদ্রোহ হয়েছিল। ওই সময় এর সঠিক বিচার করা হলে ২০০৯ সালে এ ধরনের ঘটনা ঘটত না।