সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সম্প্রতি চার বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে ভারত। ভারত বলেছে, বিএসএফ আত্মরক্ষার জন্য এটা করেছে। পাশাপাশি দেশটি সীমান্তে বেআইনি কার্যক্রম বন্ধে যৌথভাবে কাজ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। খবর আইএএনএসের।সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ এ দুঃখ প্রকাশ করেন।বাংলাদেশ গত সপ্তাহে সীমান্তে সংঘটিত এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তের জন্য ভারতের প্রতি আহ্বান জানায়। বিএসএফ এসব ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। ১৬ ও ১৭ ডিসেম্বর দিনাজপুরের বিরামপুর, মেহেরপুরের গাংনী ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে মোট চার বাংলাদেশি নিহত হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের সব ঘটনায় সরকার দুঃখ প্রকাশ করছে। বিষ্ণু প্রকাশ দাবি করেন, বিএসএফ সর্বোচ্চ সংযম নিয়ে সীমান্তে দায়িত্ব পালন করে। কখনো কখনো শুধু আত্মরক্ষার জন্য গুলি চালায়। তবে এটা সচরাচর ঘটে না। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে গত জুলাইয়ে বাংলাদেশ ও ভারত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) ব্যাপারে একমত হয়।বিষ্ণু প্রকাশ বলেন, সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে ভারতের অবস্থান হলো, এসব বন্ধে উভয় দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন। ভারত বাংলাদেশের প্রতি ‘সীমান্তে, বিশেষ করে রাতের বেলা জনগণের চলাচল নিয়ন্ত্রণে’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।