সীমান্তে হত্যার ঘটনা এ বছর আরও কমে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ মহাপরিচালক এস এইচ প্রণয় শাহে বলেছেন, সীমান্তে হত্যার ঘটনা ক্রমশ কমে যাচ্ছে। এ বছরের মধ্যে আরও কমে যাবে। এ ব্যাপারে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দুইটায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এলে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।এস এইচ প্রণয় বলেন, ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। এই ভ্রাতৃত্ব যেন চিরদিন বজায় থাকে। তিনি বলেন, যারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে, তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।বিএসএফের বিশেষ মহাপরিচালক পরে নয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) হিলি ক্যাম্পে যান। সেখানে তাঁরা বিজিবির কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের সীমান্তের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মদ।দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মদ জানান, বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। বেলা তিনটায় বিএসএফ কর্মকর্তারা ভারতে ফিরে যান।