সীমান্তে হত্যার ঘটনা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। জাতীয় সংসদে গতকাল বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সামশুল হক চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, সরকারের বলিষ্ঠ অবস্থানের পরিপ্রেক্ষিতে সীমান্তে বাংলাদেশিদের হত্যার ব্যাপারে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নিয়ে আসার আশ্বাস পাওয়া গেছে।
একই দলের নুরুল ইসলামের (বিএসসি) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, হাতিরঝিল প্রকল্পের অংশ হিসেবে দাশেরকান্দিতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হবে। এর মাধ্যমে হাতিরঝিলের অপরিশোধিত পানি ও আবর্জনা পরিশোধনের মাধ্যমে বেগুনবাড়ী খাল দিয়ে প্রবাহিত করা হবে।
বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
দুটি বিল পাস: সংসদে গতকাল দুটি বিল পাস হয়েছে। বিল দুটি হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল, ২০১৩ এবং নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল, ২০১৩।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি আইনে পরিণত হলে ১৯৭৭ সালের অধ্যাদেশ আকারে প্রণীত এ-সংক্রান্ত আইন রহিত হয়ে যাবে।
আইনমন্ত্রী শফিক আহমেদ নির্বাচন কমিশন সচিবালয় বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের একটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। বিলটি আইনে পরিণত হলে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পদোন্নতি-সংক্রান্ত জটিলতা দূর হবে।