সীমান্তে হত্যাকাণ্ডের যৌথ তদন্তে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের ছয় দিনের সম্মেলন শেষে গতকাল সোমবার সকালে রাজধানীর পিলখানায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
মহাপরিচালক পর্যায়ে ৪২তম এই সম্মেলন শেষে যৌথ আলোচনার দলিলে (জেআরডি) সই করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা। এরপর তাঁরা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দুই দেশের দুটি বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে ভারত থেকে গরু চোরাচালান বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহিনী দুটি। এখন থেকে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তা বিজিবি ও বিএসএফ যৌথভাবে তদন্ত করবে।
সম্মেলনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্ত ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বিজিবির মহাপরিচালক বলেন, ‘এখন আমরা বলতে পারি সীমান্তগুলো আগের চেয়ে অনেক বেশি নিরাপদ।’
বিজিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) হাতে কোনো বাংলাদেশি নিহত হলে এত দিন বিএসএফের কর্মকর্তারাই শুধু তার তদন্ত করেছেন। কিন্তু বিজিবির দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে দুই বাহিনীর সমন্বয়ে যৌথ তদন্ত দল করতে সম্মত হয়েছে বিএসএফ। অর্থাৎ এখন থেকে বিজিবির কর্মকর্তারাও প্রয়োজনে ভারতে গিয়ে এ-সংক্রান্ত হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত হবেন। বিজিবির কর্মকর্তারা বলছেন, এবারের সম্মেলনে এটাই বড় অর্জন। এতে বিএসএফের মাঠপর্যায়ের সদস্যরা চাপে থাকবেন, এ ধরনের হত্যাকাণ্ডের প্রবণতাও কমে আসবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, যৌথ তদন্তের বিষয়ে তিনি এখনো বিস্তারিত কিছু জানেননি। তবে গণমাধ্যমে যেভাবে বলা হচ্ছে, সেভাবে হলেও বিষয়টিকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, ‘সেভাবে হলে আমার মনে হয়, এটা এগিয়ে নিয়ে যাবে। যদি আমাদের ভেতরে সেই সদিচ্ছাটা থাকে। এ রকম তদন্ত দল এর আগে কখনো হয়নি।’
সাবেক এই মহাপরিচালক বলেন, ‘যৌথ তদন্ত হলে খুবই ভালো হবে, যদি ওরা (বিএসএফ) বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নেয়। তবে আমরা দেখি ওদের তরফ থেকে সব সময় একটু ঢিলেমি থাকে। আমরা যেভাবে গুরুত্বের সঙ্গে নিই, ওরা মনে হয় নেয় না। ফেলানি হত্যারই কোনো কৈফিয়ত এখনো খুঁজে পাওয়া যায়নি। একজন নিরস্ত্র মানুষকে এভাবে মেরে ফেলা যায়? ফেলানির সঙ্গে তো কোনো মারণাস্ত্রও ছিল না যে নিজেদের আত্মরক্ষার প্রশ্নে গুলি ছোড়া যেতে পারে।’ তিনি বলেন, ‘সব সময় দেখা যাচ্ছে, আমরাই একতরফাভাবে সংক্ষুব্ধ পক্ষ। আমাদেরই সব অভাব-অভিযোগ থাকছে।’
সংবাদ সম্মেলনে ১৪ মে চুয়াডাঙার সীমান্তবর্তী আমবাগানে আম পাড়ার সময় বিএসএফের গুলিতে এক স্কুলছাত্র নিহত হওয়ার প্রসঙ্গ তোলেন সাংবাদিকেরা। সীমান্ত সম্মেলন চলার সময় এই হত্যায় বিব্রত কি না, জানতে চাইলে বিএসএফের মহাপরিচালক উত্তর এড়িয়ে যান। তবে এ বিষয়ে বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ বলেন, ‘বিষয়টি বিএসএফ খুব গুরুত্ব দিয়ে দেখেছে বলে আমরা লক্ষ করেছি। বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পর বিএসএফের সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ সীমান্তে হত্যাকাণ্ড কমাবে। বিএসএফ আমাদের নিশ্চিত করেছে যে তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনবে।’
ফেলানি হত্যার বিচার প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের মহাপরিচালকের সঙ্গে তাঁর আলাপ হয়েছে। মামলাটি এখন ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই বিএসএফের পক্ষে এখন বিচারাধীন বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
বিএসএফের মহাপরিচালকও ফেলানি হত্যার বিচার প্রসঙ্গে একই ব্যাখ্যা দেন।
সীমান্তে অনুপ্রবেশের সময় কাউকে হত্যা না করে গ্রেপ্তার করা হয় না কেন, জানতে চাইলে বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা বলেন, এ বিষয়টি প্রতিষ্ঠিত যে বাংলাদেশের চোরাচালানকারীরা ভারতের ভূমিতে অনুপ্রবেশ করে বিভিন্ন অপরাধ ঘটিয়ে থাকে। গত বছরের সীমান্ত সম্মেলনের পর থেকে এ পর্যন্ত সীমান্তে গবাদিপশু চোরাচালানের সময় ৪৪৭ জন বাংলাদেশি অপরাধী গ্রেপ্তার হয়েছে। বিএসএফের ওপর ৩৬৭টি হামলার ঘটনা ঘটেছে। এতে বিএসএফের তিনজন সদস্য নিহত ও শতাধিক সদস্য গুরুতর আহত হন। ২০১৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৪৯টি হামলায় বিএসএফের সদস্যদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও হাতে তৈরি বোমা ব্যবহারের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের ব্যবহারও বেড়েছে।
সংবাদ সম্মেলনে বিএসএফের মহাপরিচালক আরও বলেন, এ সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তাঁরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এ সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সীমান্ত ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। বিজিবিকে একটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বাহিনী (কেনাইন ইউনিট) গড়ে তোলাসহ আরও কিছু বিষয়ে বিএসএফ সর্বাত্মক সাহায্য দেবে।
সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হতাহত ও আটক করা, ফেনসিডিল এবং বিভিন্ন মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ, অস্ত্র ও বিস্ফোরক পাচার বন্ধ, উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণকাজে সহায়তা এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ভারত থেকে আসা প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারেও ঘুরতে গিয়েছিলেন।