সীমান্ত ব্যবস্থাপনায় উন্নতি চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত ব্যবস্থাপনায় যে উন্নতি হয়েছে, পালাবদলের পর ভারত তা আরও এগিয়ে নিতে চায়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দুই বাহিনীর বৈঠকের পর বিজিবির প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুই বাহিনীর বৈঠকের পর বাংলাদেশি প্রতিনিধিরা রাজস্থানের যোধপুরে যান। আজকের বৈঠক নিয়ে আগামী রোববার দুই দেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।

দুই বাহিনীর মধ্যে দিনভর বৈঠকে বাংলাদেশ ও ভারতের উদ্বেগের বিষয়গুলি বিশেষভাবে আলোচিত হয়। বাংলাদেশের দিক থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সীমান্ত হত্যা ও বিভিন্ন ধরনের মাদকের চোরাচালানের ওপর। বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠকের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিরা জালনোট, অনুপ্রবেশকারী ও নারী পাচারের ওপর জোর দেন। ভারতের পক্ষ থেকে বরাবর যে কথা বলা হয়ে থাকে, আজও তার উল্লেখ করে বলা হয়, সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত এলাকায় বসবাসকারী সমাজবিরোধীদের মোকাবিলা করা জরুরি। ভারতীয় প্রতিনিধিদের বক্তব্য, এদের সার্থক মোকাবিলা সীমান্ত অপরাধ বহুলাংশে কমিয়ে দেবে। ভারতীয় প্রতিনিধিরা জানিয়েছেন, বিএসএফ অনেক দিনই সীমান্তে প্রাণঘাতী বুলেট ব্যবহার করছে না। এই সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশের প্রতিনিধিদলে আছেন ২০ জন, ভারতের প্রতিনিধিদলে ২৪ জন। এই প্রতিনিধিদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক, পররাষ্ট্র মন্ত্রক এবং সার্ভে অব ইন্ডিয়ার অফিসারেরা ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, দুই দেশের দীর্ঘ সীমান্তের মধ্যে সামান্য কিছু কিলোমিটার নিয়ে এখনো বিতর্ক রয়েছে। তা মেটানোর চেষ্টায় দুই দেশের প্রতিনিধিরা ম্যাপ নিয়ে বৈঠকে এসেছিলেন। দুই দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে এই বিতর্কের মীমাংসা হওয়া জরুরি। এই বছরেই তা করে ফেলার একটা চেষ্টা বিজেপি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে একটি সূত্রে খবর পাওয়া গেছে।

পশ্চিম সীমান্তের সঙ্গে পূর্ব সীমান্তের পার্থক্য ও সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা গত কয়েক বছরে বৃদ্ধি পাওয়ায় বার্ষিক এই বৈঠকের নামও এবার বদলে ফেলা হয়েছে। এবারের এই বৈঠককে বলা হয়েছে ‘সীমান্ত সমন্বয় সম্মেলন’। সেই সমন্বয়কে জোরদার করতে ভারত যেমন চায় বাংলাদেশ জালনোটের কারবারি, অনুপ্রবেশকারী ও উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের সার্থক মোকাবিলা করুক, বাংলাদেশও তেমন চায় ভারত ‘ফেনসিডিল’ পাচার রুখুক এবং সীমান্তে রক্তপাত বন্ধ করুক। দুই দেশের রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়, সহযোগিতা ও নির্ভরতা বহুগুণ বেড়েছে বলে দুই দেশই স্বীকার করে।

আজকের বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বর্ডারম্যান তথ্যচিত্র দেখানো হয়।