সীমান্তের ওপারে বাংলাদেশির লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ড থেকে গতকাল সোমবার সকালে ইসমাইল (১৯) নামের এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ইসমাইল শিবগঞ্জ উপজেলার ঘুঘুপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাঁর চাচাতো ভাই সোহেল জানান, ইসমাইল গত রোববার রাতে কয়েকজনের সঙ্গে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন। ঘটনাস্থল থেকে পালিয়ে আসা ইসমাইলের এক সঙ্গী তাঁদের এ তথ্য জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৯-এর অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান বলেন, সীমান্তে ভারতের ৬০০ গজ ভেতরে গতকাল সকাল ১০টার দিকে ইসমাইলের লাশ পড়ে থাকতে দেখা যায় বলে বিএসএফ জানিয়েছে। পরে বিএসএফের চাঁদনীচক সীমান্ত ফাঁড়ির সদস্যরা লাশটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে এবং দুপুরে বিজিবিকে খবর দেয়। তবে কীভাবে ইসমাইলের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।
বিজিবি-৯-এর অধিনায়ক আরও জানান, সীমান্তে বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। এতে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে রোববার রাতে বিএসএফ কোনো অভিযান চালায়নি। ময়নাতদন্ত শেষে দ্রুত ইসমাইলের লাশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ।