সীমান্তের ওপারের গাঁজা কসবা হয়ে ছড়িয়ে পড়ছে দেশে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সঙ্গে ভারতের প্রায় ২৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের ওপারে ভারতের লোকেরা গাঁজার চাষ করছে। তাদের উৎপাদিত গাঁজা পাচার হয়ে আসছে এ দেশে। এ ছাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে প্রতিনিয়ত ফেনসিডিল ঢুকছে কসবায়। এরপর তা চলে যায় ঢাকাসহ সারা দেশে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর, দৌলতপুর, পাথারিদ্বার, গোসাইপুর, বায়েক ইউনিয়নের মাদলা, পুটিয়া, গৌরাঙ্গলা, রগুরামপুর, বেলতুলি, কাইমপুর ইউনিয়নের চাটুয়াখলা, চকবস্তা এবং কসবা পৌর এলাকার তারাপুর ও হাকর সীমান্ত দিয়ে মাদক ঢুকছে বাংলাদেশে। এসব মাদক ট্রাক, মোটরসাইকেল, ট্রেন, এমনকি যাত্রীবাহী বাসে করে পাচার হয়ে যায় দেশের বিভিন্ন এলাকায়। পাচারের জন্য বাঞ্ছারামপুর উপজেলার মেঘনার তীরবর্তী মরিচাকান্দি এলাকাকে নিরাপদ পয়েন্ট হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা।কসবা থানা সূত্রে জানা গেছে, গত দেড় মাসে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় ৬৬ কেজি গাঁজা, ৫২৭ বোতল ফেনসিডিল আটক করেছে। গ্রেপ্তার করা হয় ১৭ মাদক ব্যবসায়ীকে। মামলা হয়েছে ১৪টি। সীমান্তবর্তী কসবার বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল হক জানান, মাদলা সীমান্তের ওপারে ভারতের মধুপুর, কোনাবন গ্রামের বিশাল এলাকায় গাঁজার চাষ হয়। ফলে ওইসব এলাকায় মাদক সহজলভ্য হওয়ায় সীমান্ত দিয়ে পাচার হয়ে আসছে। তিনি বলেন, বিডিআর-বিএসএফ উচ্চপর্যায়ে বৈঠক করে ওইসব এলাকায় গাঁজার চাষ বন্ধ করলেই মাদক পাচার অনেকাংশে কমে আসবে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, পুলিশ মাদক বহনকারী ট্রাক ও বাসসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার করছে। মাদক ব্যবসা রোধে পুলিশ তৎপর রয়েছে। নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিকুলিন চাকমা বলেন, সীমান্তবর্তী হওয়ায় ভারত থেকে কসবায় মাদক ঢুকছে। মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশ সব সময় তৎপর। তিনি আরও বলেন, ওপারে গাঁজার চাষ হলেও তাদের করার কিছু নেই।