বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের কাছে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ও মাইন পোঁতা আছে। এসব অপসারণে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
বিজিবি ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) মধ্যে সীমান্ত সম্মেলন শেষে গতকাল বৃহস্পতিবার বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়। সম্মেলনে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।
কারা এসব আইইডি ও মাইন পুঁতেছে, এমন প্রশ্নে আনিছুর রহমান বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা কেউ রাখতে পারে। দুই পক্ষের সম্মতিতেই আমরা এটি অপসারণের চেষ্টা করছি।’ আইইডি ও মাইন বিস্ফোরণে এ পর্যন্ত হতাহত কত এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি বাংলাদেশের না মিয়ানমারের, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তাঁদের কাছে নেই।
সম্মেলনে মিয়ানমারের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মেয়ো সেও উইন। তিনি সংবাদ সম্মেলনের আগে ছবি তোলা ও ক্রেস্ট বিনিময়কালে উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কর্তৃপক্ষ যা বলছে, তা-ই তাঁর বক্তব্য বলে তিনি সম্মেলনস্থল ত্যাগ করেন।
দুই দেশের মধ্যে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১–৬ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে দুই দেশের প্রতিনিধিদল সন্ত্রাসী গোষ্ঠীদের তৎপরতা সম্পর্কে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরে। আনিছুর রহমান বলেন, সীমান্তের বিশেষ কোনো এলাকায় অপরাধীদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সমন্বিত অভিযান চালানোর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মিয়ানমারের নাগরিকদের বিশেষ করে গত বছরের অক্টোবর থেকে অস্বাভাবিক হারে অনুপ্রবেশের ব্যাপারে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মেয়ো সেও উইন বলেছেন, এখন মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ রোধে তৎপর থাকার ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলা হয়, সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাদক পাচার। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে ৪৯টি ইয়াবা কারখানার তালিকা দেওয়া হয়েছে।