সীমান্তের গ্রামে দুই বাংলার মিলনমেলা
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী ইছাখালী গ্রামের আরজান শাহ মাজারে লালন উৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সীমান্ত-ফটক খুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর ভারতের কয়েক হাজার নাগরিক যোগ দেয় উৎসবে। এতে ইছাখালী গ্রাম পরিণত হয় দুই বাংলার মানুষের মেলায়।জানা গেছে, ভোর ছয়টার দিকে ভারতীয় সীমান্তের প্রধান ফটক খুলে দেয় বিএসএফ। এরপর সীমান্তের ১২৫ নম্বর মেইন পিলারসংলগ্ন ফটক দিয়ে ভারতীয়রা বাংলাদেশে ঢোকে। সন্ধ্যায় সীমান্ত-ফটক বন্ধের আগেই তারা আবার নিজ দেশে ফিরে যায়।মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, গতকাল হিন্দু সম্প্রদায়ের দোলযাত্রা থাকায় ভারতীয়রা হোলি খেলে, রং ছিটিয়ে, লালনের গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। এ ছাড়া মাজার প্রাঙ্গণে বসা মেলায় হরেক রকমের পণ্যের পসরা নিয়ে হাজির হয় ভারতীয়রা। এসব পণ্যের ক্রেতা ছিল বাংলাদেশিরা। উৎসবে আসা ভারতের তেহট্ট জেলার বেতাই থানার প্রীতিলতা রায় বলেন, ‘বাংলাদেশের এই সীমান্ত খুলে দেওয়ার খবর দুই দিন আগে মাইকে প্রচার করা হয়। পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে।’ ভারতের বেতাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সনৎ বিশ্বাস স্ত্রী-কন্যা নিয়ে উৎসবে বেড়াতে আসেন। তিনি জানান, ২৫ বছর পর বাংলাদেশে থাকা স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে।