সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সীমান্তে যা কিছু ঘটছে, তা নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়। ‘সব কাজ ফেলে রেখে’ শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও সরকার মনে করে না।গতকাল শনিবার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন।রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট মিলনায়তনে ওই অনুষ্ঠানের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সীমান্তে যা কিছু ঘটছে, তার সঙ্গে বহু বিষয় জড়িত। এগুলো রাষ্ট্রীয় বিচারযোগ্য কোনো বিষয় নয়। দুই দেশের পক্ষ থেকেই চোরাকারবারি, মাদক পাচার ও গরু চুরি হচ্ছে। প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। এসব অতীতে ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এগুলো নিয়ে সরকার খুব বেশি চিন্তিত নয়।’সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের একজন যুবক সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত হন। এ-সম্পর্কিত একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে এর প্রতিবাদও জানায়। এর প্রেক্ষাপটেই আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এ কথা বলেন।